বিশ্বের শীর্ষ চারটি পরিবহন উদ্যোগের একটি হিসেবে স্থান করে নিয়েছে রিয়াদ মেট্রো প্রকল্প। সৌদির রিয়াদ সিটি রয়্যাল কমিশন এই বিশাল গণপরিবহন ব্যবস্থার দেখভাল করছে।
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত স্মার্ট সিটি এক্সপো ওয়ার্ল্ড কংগ্রেসে আয়োজকরা এই র্যাংকিং ঘোষণা করেন। ৬৮টি দেশের মোট ৫৩৩টি প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করে এই সম্মাননা অর্জন করেছে রিয়াদ মেট্রো।
প্রকল্পের পরিসর এবং উন্নত প্রযুক্তিগত মান বিচার করে বিজয়ী নির্ধারণ করেছেন বিচারকরা। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং আধুনিক গণপরিবহনগুলোর একটি এই নেটওয়ার্ক।
সৌদি রাজধানীর কার্বন নিঃসরণ কমানো এবং শহরের যানজট নিরসনের লক্ষ্য নিয়ে এই ব্যবস্থা সাজানো হয়েছে। দ্রুত বাড়তি জনসংখ্যা ও নগরায়ণের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়।
কংগ্রেস চলাকালে রিয়াদ সিটি রয়্যাল কমিশনের কর্মকর্তারা দেখান কীভাবে তথ্য এবং নতুন প্রযুক্তি পৌর পরিকল্পনায় যুক্ত করা হচ্ছে।
রিয়াদ সিটি ডেটা প্ল্যাটফর্মের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল টুইন প্রযুক্তির ব্যবহার দেখেন প্রতিনিধিরা। গণপরিবহন ব্যবস্থাপনা ও যানজট নিয়ন্ত্রণে তাদের কাজের পরিধি তুলে ধরে কমিশন।
এ ছাড়া গ্রিন রিয়াদ উদ্যোগ এবং রাজধানীতে চলা অন্যান্য মেগা প্রকল্প নিয়েও উপস্থাপনা হয়। শহুরে উদ্ভাবন নিয়ে কাজ করা অন্যতম প্রধান আন্তর্জাতিক মঞ্চ হলো স্মার্ট সিটি এক্সপো ওয়ার্ল্ড কংগ্রেস।
এবারের আয়োজনের মূল থিম ছিল শহুরে সমাধান ও বাস্তব প্রভাব। এতে ডিজিটাল রূপান্তর ও যাতায়াত ব্যবস্থা নিয়ে আলোচনা করতে যোগ দেন ছয়শতের বেশি বিশ্ববক্তা।
শক্তি সাশ্রয়, পরিবেশ রক্ষা, আবাসন এবং অবকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হয় এই আয়োজনে।
