বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কড়া বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:৩৯ পিএম

ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কড়া বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ছড়িয়ে পড়া ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব রোধে প্রতিটি সংক্রমণের ধারা অবিলম্বে শনাক্ত ও ছিন্ন করার জোরালো তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেভায় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসুস সতর্ক করে বলেছেন যে এই ধারাগুলো সম্পূর্ণ ভেঙে ফেলা না গেলে প্রাদুর্ভাবটি কঙ্গো, এর প্রতিবেশী দেশগুলো এবং পুরো অঞ্চলের জন্য বড় ধরনের হুমকি হয়ে থাকবে।

আল জাজিরা, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যানুযায়ী, সরকারি উপাত্ত অনুযায়ী চলতি সপ্তাহে কঙ্গোতে ইবোলা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া, প্রাণঘাতী এবং বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাবের ঘটনা। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসি সতর্ক করেছে যে ভাইরাসটি নিয়ন্ত্রণে নেওয়া প্রস্তুতিমূলক কার্যক্রম নির্ধারিত লক্ষ্যের অনেক নিচে রয়েছে এবং নতুন আক্রান্তের প্রায় ৮০ শতাংশই পরিচিত যোগাযোগের বাইরে থাকা ব্যক্তিদের মধ্যে ঘটছে।

কঙ্গোর খনিজসমৃদ্ধ অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাত, ভঙ্গুর অবকাঠামো, বেতনহীন স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট এবং ঐতিহ্যবাহী দাফন প্রথাসহ নানা সাংস্কৃতিক চর্চা প্রাদুর্ভাব মোকাবিলা কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো কঙ্গোর বিভিন্ন এলাকায় প্রচেষ্টা জোরদার করলেও তহবিলের ঘাটতি ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের কারণে তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

banner
Link copied!