পশ্চিম কর্ডোফানে তিন শিশুসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিককে হত্যার অভিযোগ উঠেছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের বা আরএসএফের বিরুদ্ধে। দার হামার ইমার্জেন্সি কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার এই সহিংসতার ঘটনা ঘটে।
তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো মোট সংখ্যা প্রকাশ করেনি কমিটি। তাদের অভিযোগ, সুদানি সেনাবহিনীর অগ্রাভিযানের মুখে পড়ার আগেই বিভিন্ন এলাকায় বাড়িঘর ও সম্পত্তি লুটপাট করে আধা সামরিক বাহিনীটি।
এর আগে ওয়াদ বান্দা জেলা থেকে আল-সুদাইরাত বাজারের দিকে প্রায় চারশ ভেড়ার একটি পাল নিয়ে যাচ্ছিলেন দুই রাখাল। পথিমধ্যে আরএসএফের একটি দল তাদের পথরোধ করে ভেড়াগুলো ছিনিয়ে নেওয়ার পাশাপাশি রাখালদের ধরে নিয়ে যায়।
ছিনিয়ে নেওয়া ভেড়ার পাল উদ্ধার করতে পরে ওয়াদ বান্দার বিভিন্ন গ্রামের বাসিন্দারা রওনা দেন। তবে যাত্রার পর থেকে সেই বাসিন্দাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানায় কমিটি।
আরেকটি পৃথক বিবৃতিতে ত্রাণ দলটি জানিয়েছে, আবু কালব এলাকায় বাসিন্দাদের হত্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে আরএসএফ। আল-ডুমাইরা গ্রামে তিনজন নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যা করেছে আধা সামরিক বাহিনীর যোদ্ধারা।
এ ছাড়া ডজন ডজন গ্রামের বাসিন্দাদের মালিকানাধীন সম্পত্তিও লুটপাট করা হয়। এই সহিংসতার মুখে নিরাপত্তা নিশ্চিত করতে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় শত শত পরিবার।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা গত বৃহস্পতিবার জানিয়েছে, নিরাপত্তার চরম অবনতির কারণে আবু জাবাদ শহর ছেড়ে পালিয়েছেন আরও ৯৩০ জন। ফলে গত চৌঠা নভেম্বর থেকে বৃহত্তর এই জেলা থেকে বাস্তুচ্যুত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭০ জনে।
সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম কর্ডোফানের বিভিন্ন প্রান্তে লড়াইয়ের তীব্রতা অনেক বেড়েছে। অঞ্চলটিতে সুদান সেনাবাহিনী সামনে এগিয়ে আল-খুয়াই এবং আবু জাবাদ ও আল-নুহুদের আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদান সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে এই সর্বাত্মক সংঘাত শুরু হয়। নিয়মিত সামরিক বাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনীটির একীভূতকরণ পরিকল্পনা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই যুদ্ধের সূত্রপাত ঘটেছিল।
দেশজুড়ে চলা এই সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এছাড়া নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ।
