বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

হজ ব্যবস্থাপনায় নতুন যুগ: কৃত্রিম বুদ্ধিমত্তায় সৌদি আরব

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২১, ২০২৬, ০৯:১১ পিএম

হজ ব্যবস্থাপনায় নতুন যুগ: কৃত্রিম বুদ্ধিমত্তায় সৌদি আরব

হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে একে আরও আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করছে সৌদি আরব। ভ্রমণ পরিকল্পনা থেকে শুরু করে নিজ দেশে ফেরা পর্যন্ত পুরো হজ অভিজ্ঞতা সুশৃঙ্খল করতে কাজ করছে দেশটি। সম্প্রতি মক্কায় অনুষ্ঠিত গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের ৫০তম অধিবেশনে সৌদির উপ-হজমন্ত্রী ড. আবদুফাত্তাহ বিন সুলাইমান মাশাত জানান, হাজিরা আসার আগেই সব প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

প্রযুক্তির সঠিক ব্যবহারে হাজিদের অভিজ্ঞতা এখন অনেক সহজ।

বর্তমানে ৬০টিরও বেশি সরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টায় এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। সৌদি পাবলিক সিকিউরিটির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-বাসসামি জানান, প্রায় ৬০০টির বেশি সমন্বিত কার্যক্রমের মাধ্যমে হজ তদারকি করা হচ্ছে। সৌদি আরব এখন শুধু পথ নিরাপদ রাখা নয়, বরং জনসমাগমকে বৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রণ করার মডেলে কাজ করছে। তথ্যবিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সম্ভাব্য ঝুঁকি হাজিরা টের পাওয়ার আগেই নিরসন করা হচ্ছে।

মক্কার মেয়র মুসায়েদ আল-দাউদ জানান, হজ মৌসুমে মক্কার জনসংখ্যা ২৫ লাখ থেকে বেড়ে ৪৫ লাখে উন্নীত হয়।

এই চাপ সামলাতে ৬২টি টানেলসহ আধুনিক নগর ব্যবস্থাপনা ও নিশ্ছিদ্র খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। রয়্যাল কমিশনের তথ্যমতে, গত বছর ওমরা পালনকারীর সংখ্যা ১ কোটি ৮৫ লাখে পৌঁছেছে এবং হাজিদের সেবায় সন্তুষ্টির হার এখন ৯১ শতাংশে দাঁড়িয়েছে। প্রযুক্তির এই অগ্রযাত্রায় গ্র্যান্ড মসজিদের উপদেষ্টা ড. ওসামা আল-জামিল জানান, আরাফাতের খুতবা এখন পাঁচটি আন্তর্জাতিক ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করা হচ্ছে।

রোবট প্রযুক্তি ব্যবহার করে হাজিদের তাৎক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে।

সৌদি কর্মকর্তাদের মতে, আগামীতে এআই-এর ব্যবহার আরও বাড়বে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে হাজিদের সচেতনতা বৃদ্ধিই হবে সফল ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিদের জন্য মক্কা ও মদিনায় এখন এক অনন্য ডিজিটাল সেবার ব্যবস্থা রাখা হয়েছে, যা হজ পালনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলছে।

banner
Link copied!