শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা শান্তি পরিকল্পনা

অস্ত্র জমা দেওয়ার শর্ত মানতে হামাসের ওপর কায়রোর চাপ: আবদুল আতি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ২১, ২০২৬, ০৬:৩০ পিএম

অস্ত্র জমা দেওয়ার শর্ত মানতে হামাসের ওপর কায়রোর চাপ: আবদুল আতি

মিসরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদুল আতি জানিয়েছেন, হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি দলগুলোকে অস্ত্র সীমিত করা এবং তা হস্তান্তরসংক্রান্ত বোঝাপড়াগুলো বাস্তবায়নে চাপ দিচ্ছে কায়রো।

ওয়াশিংটনে মঙ্গলবার এক বক্তব্যে আবদুল আতি জানান, গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপে যেতে হলে সব পক্ষকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এর মধ্যে রয়েছে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মিসরীয় পক্ষ থেকে বহু প্রস্তাবনা তুলে ধরা হয়েছে এবং অস্ত্র সীমিত ও জমা দেওয়ার বিষয়ে হামাসসহ ফিলিস্তিনি দলগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যাপক প্রচেষ্টা চলছে।

আবদুল আতি উল্লেখ করেন, ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপের জটিল বিষয়গুলো সমাধানের পথে এই পদক্ষেপটি একটি অগ্রগতি। ফিলিস্তিনি দলগুলো অস্ত্র হস্তান্তরের প্রতিশ্রুতি নিয়ে কোনো চালাকি করছে বলে মনে করেন না তিনি।

তিনি জানান, কায়রো বৈঠকে যা নির্ধারিত হয়েছিল, আমরা তার ওপরই জোর দিচ্ছি এবং হামাস নেতারা অস্ত্র সীমিত ও হস্তান্তরের পক্ষে বলে জানিয়েছেন। এ সময় তিনি ইসরায়েলি সরকারের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করেন।

এই পথ ধরে এগিয়ে যেতে হলে অস্ত্র হস্তান্তরের সুনির্দিষ্ট সময়সীমা এবং তা পর্যবেক্ষণের একটি কার্যকর পদ্ধতি প্রয়োজন। আবদুল আতি জোর দিয়ে বলেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে মিসরের তৎপরতা ফিলিস্তিন সংকটে কায়রোর মূল নীতিতে কোনো পরিবর্তন আনেনি।

মিসর ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে রয়েছে এবং তাদের ভূমি থেকে জোরপূর্বক হটিয়ে দেওয়ার যেকোনো চেষ্টা প্রত্যাখ্যান করে।

তিনি বলেন, এটি আমাদের অবস্থান এবং আমরা তা থেকে সরে আসব না। সেই সঙ্গে তিনি যোগ করেন যে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা মিসরের পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি লাল দাগ।

ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের শীর্ষস্থানীয় আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করেছেন আবদুল আতি। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন এবং সিনেট বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর জিম রিশের সঙ্গে তার এই বৈঠক হয়।

দ্বিপক্ষীয় সম্পর্ক, গাজা পরিকল্পনার দ্বিতীয় পর্যায় এবং ইরান, সুদান ও লোহিত সাগরের আঞ্চলিক সংকট নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার অংশ হিসেবে তিনি ডেমোক্রেটিক প্রতিনিধি গ্রেগরি মীকস, সিনেটর জেফ মার্কলি এবং প্রতিনিধি ব্র্যাড স্নাইডারের সঙ্গেও বৈঠক করেছেন। আলাদা এক ঘোষণায় তিনি জানান, অভ্যন্তরীণ আদালতের রায়ের ভিত্তিতে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমন্বয় করছে মিসর।

banner
Link copied!