রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন

ইসরায়েলি হামলায় নিহত আট: গাজাজুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১, ২০২৬, ০৯:৩০ পিএম

ইসরায়েলি হামলায় নিহত আট: গাজাজুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন

চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার চিকিৎসা ও স্থানীয় সূত্রগুলো অবরুদ্ধ এই উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে হতাহতের এই ঘটনা নিশ্চিত করেছে।

খান ইউনিসের নাসের হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তা জানান, আল-মাওয়াসী এলাকায় একটি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শহরটির পশ্চিমাংশে অবস্থিত এই হামলার স্থানটি শিশুদের কয়েকটি স্কুলের কাছাকাছি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আল-মাওয়াসীতে নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। নিয়মিত দায়িত্ব পালন করার সময় ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে এই হামলা চালায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৭৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসের মধ্যবর্তী অংশে ইসরায়েলি বাহিনীর গুলিতে উরুতে আঘাত পান আরেক ফিলিস্তিনি ব্যক্তি।

খান ইউনিসের আরেকটি ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই বছর বয়সী এক কন্যাশিশু মাথায় আঘাত পায়। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানান।

গাজা সিটির আল-শিফা হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানায়, আল-থানরা সড়কে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাবা ও তার চার বছরের শিশুসন্তান রয়েছে। স্থানীয় সূত্র জানায়, একই সড়কে সাধারণ মানুষের একটি জমায়েতকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

আল-থানরা সড়কের ওই হামলায় নারী ও শিশুসহ আরও ছয়জন ফিলিস্তিনি বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।

উত্তর গাজার হালাওয়া ক্যাম্পে ইসরায়েলি গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে অবস্থিত এই এলাকাটি বাস্তুচ্যুত মানুষের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র। গুলিবর্ষণের পর আশঙ্কাজনক অবস্থায় এক নারীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলোতে এখন পর্যন্ত ১ হাজার ৫৮০ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৭১১ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের সামগ্রিক হিসাব বলছে, ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এই সংঘাতে গাজার প্রায় নব্বই শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

banner
Link copied!