রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা

ক্ষমতা টিকিয়ে রাখতে ইরানে নতুন হামলা চালাতে পারেন নেতানিয়াহু: ইয়ার গোলান

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১, ২০২৬, ০৩:৩০ পিএম

ক্ষমতা টিকিয়ে রাখতে ইরানে নতুন হামলা চালাতে পারেন নেতানিয়াহু: ইয়ার গোলান

ইরানের সঙ্গে সংঘাতের আরেকটি অধ্যায় শুরুর শঙ্কা দিন দিন জোরালো হচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েল ডেমোক্র্যাটসের নেতা ইয়ার গোলান। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই শঙ্কার কথা জানান।

ইয়ার গোলান বলেন, বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কতটা ব্যর্থ হয়েছেন। ইসরায়েল এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে ইরানের সঙ্গে বারবার যুদ্ধের চক্রে জড়াতে হচ্ছে।

ইসরায়েলি ও মার্কিন গণমাধ্যমে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে ইসরায়েল ও ওয়াশিংটন যৌথভাবে ইরানে নতুন আক্রমণ চালাতে পারে। আগামী ৩ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এই হামলা হতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

গোলানের মতে, ইরানের সঙ্গে আরেকটি সংঘাত পরিচালনার মতো নৈতিক বৈধতা ও ন্যূনতম সক্ষমতা নেতানিয়াহুর নেই। যত দ্রুত সম্ভব একটি বিকল্প সরকার গঠনের তাগিদ দেন তিনি।

ইসরায়েলি এই রাজনীতিবিদ সতর্ক করে বলেন, বর্তমান নেতৃত্বের অধীনে দেশের নিরাপত্তা এবং সাধারণ নাগরিকদের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। একটি নতুন সরকার গঠন এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

অনিশ্চিত সংসদীয় নির্বাচনের পর এই সতর্কবার্তা এল, যেখানে নেতানিয়াহুর জোট বা বিরোধী দল কেউই সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন পায়নি। প্রাথমিক ফলাফলে দেখা যায়, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে।

অন্যদিকে ইহুদি বিরোধী দলগুলো ৪নং আসন এবং ফিলিস্তিনি দলগুলো ১৯টি আসন লাভ করে। সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষই অর্জন করতে পারেনি।

এই নির্বাচনী ফলাফল বেশ কিছু রাজনৈতিক সম্ভাবনার জন্ম দিয়েছে। এর মধ্যে ফিলিস্তিনি দলগুলোর সমর্থনে সরকার গঠন, জাতীয় ঐক্যের সরকার কিংবা আরেকটি নির্বাচন আয়োজনের মতো বিকল্পগুলো আলোচনায় রয়েছে।

বয়স ৭৬ বছর বয়সী নেতানিয়াহু বর্তমানে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসের অপব্যবহার সংক্রান্ত দুর্নীতির বিচারাধীন মামলার মুখোমুখি রয়েছেন। এই মামলায় দোষী প্রমাণিত হলে তার কারাদণ্ড হতে পারে।

পাশাপাশি ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা মাথায় নিয়েছেন তিনি।

banner
Link copied!