গাজার অঙ্গহারা শিশুদের বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করছে ইসরায়েল। মানবাধিকার সংগঠনটি এই তথ্য জানিয়েছে।
ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে যে ইসরায়েলের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় চিকিৎসাভিত্তিক বহির্গমনও অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে শত শত শিশু বিদেশে বিশেষায়িত চিকিৎসা নিতে পারছে না। ইসরায়েলি হামলায় গাজার এক হাজার ১৩৪টি শিশুর অঙ্গচ্ছেদ করা হয়েছে। তবে তাদের খুব কমসংখ্যকই প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা পাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্কসহ দুই হাজার ৩০০ অঙ্গহারা রোগীর চিকিৎসার মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে মাত্র ৫০০ জন বা এক চতুর্থাংশের কম মানুষ স্থায়ী কৃত্রিম অঙ্গ পেয়েছেন।
ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে যে গাজায় বর্তমানে মাত্র আটজন প্রত্যয়িত কৃত্রিম অঙ্গ ও অর্থোপেডিকস বিশেষজ্ঞ রয়েছেন। অবরুদ্ধ উপত্যকাটিতে কৃত্রিম অঙ্গ তৈরি, সংযোজন, রক্ষণাবেক্ষণ ও সামঞ্জস্য করার মতো পর্যাপ্ত যন্ত্রপাতি নেই।
সংগঠনটি সতর্ক করে জানিয়েছে যে চিকিৎসাসেবা, পুনর্বাসন এবং উপযুক্ত শিক্ষা প্রদানে এই অস্বীকৃতি অব্যাহত থাকলে তা শিশুদের বর্তমান ক্ষতিকে আজীবনের বঞ্চনায় রূপ দিতে পারে। চিকিৎসা মনিটরিংয়ের অভাব এবং শিশুরা বড় হওয়ার সাথে সাথে কৃত্রিম অঙ্গগুলোর সামঞ্জস্য বিধান না করায় বিভিন্ন জটিলতা, দীর্ঘস্থায়ী ব্যথা ও চলাচলের সমস্যা বাড়তে পারে।
ছত্রিশ বছর বয়সী ফিদা আহমাদ আল-শায়ের মানবাধিকার সংস্থাকে জানান যে একটি ইসরায়েলি আর্টিলারি শেল তাদের কাছাকাছি এসে পড়লে তার এগারো বছর বয়সী ছেলে পক্ষাঘাতগ্রস্ত হয় এবং একটি হাত হারায়। তার ছেলের বিদেশে একাধিক অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গের প্রয়োজন হলেও বন্ধ থাকা সীমান্ত পার হওয়ার কোনো উপায় নেই।
সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। তারা জানায়, জেনোসাইড কনভেনশনের অনুচ্ছেদ দুই অনুযায়ী শারীরিক বিনাশ সাধনের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে জীবনযাপনের প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করা অপরাধের শামিল। শিশুদের অঙ্গচ্ছেদ এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসনে বাধা সৃষ্টি করা এই কর্মপদ্ধতিরই অংশ।
ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে যে ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ফিলিস্তিনিরা গাজায় কৃত্রিম অঙ্গ তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি করতে পারছে না। এছাড়া স্থানীয় দলগুলোকে প্রশিক্ষণ দিতে এবং কাজ করার জন্য বিশেষজ্ঞ দলগুলোর উপত্যকায় প্রবেশের অনুমতির প্রয়োজন রয়েছে।
