রাশিয়ার সঙ্গে যত দ্রুত সম্ভব ত্রিপক্ষীয় বৈঠকে বসার মার্কিন উদ্যোগকে সমর্থন জানিয়েছে ইউক্রেন। কূটনৈতিক যোগাযোগের পর ক্রেমলিনও এই আলোচনার প্রক্রিয়া পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রিনফর্মসহ ইউক্রেনীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, ওয়াশিংটনের পক্ষ থেকে বার্তা পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন বিশেষদূত স্টিভ উইটকফের মধ্যকার বৈঠকের পরপরই এই যোগাযোগ আসে।
আমাদের প্রতিনিধি দলের পর্যায়ে রাশিয়া একটি ত্রিপক্ষীয় বৈঠক সমর্থন করে বলে আমরা বার্তা পেয়েছি, জানান জেলেনস্কি। আমেরিকান পক্ষ যত দ্রুত সম্ভব এটি আয়োজনের প্রস্তাব দিয়েছে এবং আমরা তা সমর্থন করছি।
বৈঠকের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। প্রস্তাবিত এই আলোচনার এজেন্ডা চূড়ান্ত করতে দুই পক্ষের প্রতিনিধি দলগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রাখবে।
যুদ্ধের অবসান ঘটানো, শান্তি ত্বরান্বিত করা এবং শীর্ষ নেতাদের বৈঠকের জন্য সবকিছু প্রস্তুত করাই এই আলোচনার মূল এজেন্ডা, যা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। মার্কিন পক্ষ যত দ্রুত সম্ভব বৈঠকটির আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি।
আগামী নভেম্বরের শুরুর দিকেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানান জেলেনস্কি। যুদ্ধবিরতি প্রস্তাব এবং বন্দিবিনিময়ের মতো বিভিন্ন মানবিক উদ্যোগকে সমর্থন জানাবে ইউক্রেনের আলোচনা দল।
ত্রিপক্ষীয় বৈঠক সংক্রান্ত প্রতিশ্রুতি রাশিয়া রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পুতিন বুধবার মার্কিন বিশেষদূতের সঙ্গে তার নবম বারের মতো সরাসরি বৈঠকে মিলিত হন।
বৈঠকের পর রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, আগামী নভেম্বরে ইউক্রেন বিষয়ে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরু করার নীতিগত প্রস্তুতির কথা পুতিন মস্কোকে জানিয়েছেন।
সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন প্যালেসে আলোচনা শেষে উশাকভ সাংবাদিকদের বলেন, আমাদের প্রেসিডেন্ট স্টিভ উইটকফকে জানিয়েছেন যে আমরা আগামী ১০ নভেম্বরের কাছাকাছি সময়ে পূর্বোক্ত ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে নীতিগতভাবে প্রস্তুত। প্রায় তিন ঘণ্টা ধরে এই বৈঠকটি চলেছিল।
মস্কো ও কিয়েভের জন্য একটি যুদ্ধোত্তর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ইস্যুটির সঙ্গেই ত্রিপক্ষীয় আলোচনায় মস্কোর প্রস্তুতির বিষয়টি জড়িত বলে জানান উশাকভ।
এদিকে আলাদাভাবে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক ঘোষণায় স্টিভ উইটকফ জানান যে তিনি ও জ্যারেড কুশনার গত দুই দিন ধরে সেন্ট পিটার্সবার্গ এবং অসলোতে ফলপ্রসূ আলোচনা করেছেন। প্রযুক্তিগত স্তরে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে এই আলোচনা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
