মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কলকাতা মোহামেডান ক্লাবের নতুন সভাপতি হুমায়ুন কবীর

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : জুন ৬, ২০২৬, ০১:৪৪ পিএম

কলকাতা মোহামেডান ক্লাবের নতুন সভাপতি হুমায়ুন কবীর

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও নওদার বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার দুপুরের দিকে ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। দীর্ঘ দিন ধরে ক্লাবের সদস্য এবং সমর্থকদের পক্ষ থেকে তৎকালীন সভাপতি আমিরুদ্দিন ববির পদত্যাগের দাবি তোলা হয়েছিল। এই চাপের মুখেই শুক্রবার আমিরুদ্দিন ববি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়ে এখন ক্লাবের হাল ধরেছেন হুমায়ুন কবীর।

ক্লাব সূত্রে জানা গেছে, আপাতত ক্লাবের বর্তমান প্রশাসনিক কাঠামো বা কমিটিগুলো অপরিবর্তিত থাকছে। শুধুমাত্র সভাপতির পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন সভাপতির তত্ত্বাবধানে ক্লাবের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং দীর্ঘদিনের জমে থাকা আর্থিক সংকটের সমাধানের উপায় খোঁজা হবে। আগামী এক মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং ক্লাবের পারফরম্যান্স ও অর্থনৈতিক অবস্থার উন্নতি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ক্লাব সংশ্লিষ্টরা।

গত কয়েক বছর ধরেই তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই ক্লাবটি। এই সমস্যার সমাধান না হওয়ায় এবং দল পরিচালনায় ব্যর্থতার অভিযোগে আমিরুদ্দিন ববির ওপর অনাস্থা প্রকাশ করেছিলেন ক্লাবের সমর্থক ও সদস্যরা। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর এই দাবি আরও জোরালো রূপ ধারণ করে। এর আগেও ক্লাবের পক্ষ থেকে আর্থিক সাহায্যের জন্য বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং হুমায়ুন কবীরের কাছে চিঠি পাঠিয়ে স্পনসর খুঁজে পাওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাঁধে ১৩ কোটি টাকার দেনা রয়েছে। সেই সঙ্গে আগামী মৌসুমের জন্য দল গঠনের অর্থও ক্লাবের হাতে নেই। আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবার খেলার সুযোগ পেলেও ক্লাবের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। ট্রান্সফার ব্যান এবং উপযুক্ত দল গঠনের সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত আইএসএল থেকে অবনমন ঘটেছে ক্লাবটির। পয়েন্ট তালিকায় সবার নিচে থেকে মৌসুম শেষ করায় সমর্থকদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছিল। এখন নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর আর্থিক অস্বচ্ছতা ও মাঠের ব্যর্থতা কাটিয়ে ক্লাবটি কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটাই দেখার বিষয়।

banner
Link copied!