ফুটবল বিশ্বকাপ মানেই মাঠের উত্তেজনার পাশাপাশি মাঠের বাইরের নানা জল্পনা-কল্পনা। বিশ্বকাপের ইতিহাসে এমন অনেক স্মরণীয় মুহূর্ত আছে যেখানে খেলা শুরুর আগেই ফলাফল নিয়ে শুরু হয় অদ্ভুত সব উন্মাদনা। ২০১০ সালে জার্মানির একটি অ্যাকুরিয়ামে থাকা অক্টোপাস পল বিভিন্ন ম্যাচের ফলাফল আগাম অনুমান করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে সেই পুরোনো রঙিন উন্মাদনাই আবার ফিরে এসেছে মেক্সিকোতে। তবে এবার কোনো সমুদ্রের প্রাণী নয় বরং কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে চিড়িয়াখানার হাতি, গরিলা এবং অন্যান্য বন্য প্রাণী।
মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানায় বিশ্বকাপকে ঘিরে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী কার্যক্রম। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচের সম্ভাব্য ফলাফল কী হতে পারে তা জানতেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণীদের মাধ্যমে প্রতীকী এই আয়োজন করেছে। তাদের এই কর্মকাণ্ডে নতুন করে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে স্থানীয় দর্শকদের মধ্যে।
আয়োজকরা চিড়িয়াখানার ভেতরে একটি কৃত্রিম ফুটবল মাঠ তৈরি করেছেন। মাঠের দুই পাশে রাখা হয়েছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকা। পতাকার নিচে ছড়িয়ে দেওয়া হয়েছে পর্যাপ্ত খাবার বা ঘাস। এরপর সেখানে ছাড়া হয় দুটি হাতিকে। কিছু সময় দোদুল্যমান অবস্থায় ঘুরে বেড়ানোর পর হাতিগুলো মেক্সিকোর পতাকার দিকে এগিয়ে গিয়ে ঘাস খেতে শুরু করে। হাতিদের এই নীরব রায় উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে। অনেকে বিষয়টিকে মেক্সিকোর জয়ের পূর্বাভাস হিসেবে দেখছেন।
চিড়িয়াখানার কিপার ইভান রেইনোস জানিয়েছেন যে এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু বিনোদন নয় বরং প্রাণীদের জন্য মানসিক উদ্দীপনা তৈরি করা। তার মতে, বন্দী জীবনে প্রাণীদের জন্য এমন কার্যক্রম এক ধরণের উদ্দীপনা বা এনরিচমেন্ট হিসেবে কাজ করে যা তাদের ইন্দ্রিয় ও আচরণগত সক্রিয়তা বাড়াতে সাহায্য করে। এটি তাদের দৈনন্দিন রুটিনে নতুন মাত্রা যোগ করে।
ভবিষ্যদ্বাণীর এই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু প্রাণী। চেনচি ও ফাউস্তিনা নামের দুটি গরিলার সামনে স্পেন ও উরুগুয়ের জার্সি আকৃতির পিনিয়াটা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। গরিলা দুটি তাদের পছন্দের জার্সি নির্বাচন করে ভবিষ্যদ্বাণীতে অংশ নেয়। একইভাবে মুলুক নামের একটি পুমা চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে থেকে দক্ষিণ কোরিয়াকে বেছে নেয়। ছয়টি জিরাফের একটি দলও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পক্ষে রায় প্রদান করে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে এসব আয়োজন প্রাণীদের জন্য যেমন আনন্দদায়ক তেমনি দর্শকদের জন্যও এক ভিন্নধর্মী বিনোদনের খোরাক। বিশ্বকাপ শুরুর আগে এই অদ্ভুত প্রেডিকশন গেম ফুটবল ঘিরে উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
