আজারবাইজান গ্রাঁ প্রিঁতে রেড বুলের চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাক্স ভারস্তাপেনকে নাটকীয়ভাবে পেছনে ফেলে শিরোপা জিতেছেন মার্সেডিজের জর্জ রাসেল। শনিবার বাকু স্ট্রিট ট্র্যাকে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ বজায় রেখে ফিনিশ লাইনে পৌঁছান এই ব্রিটিশ তারকা। মাত্র শূন্য দশমিক ১৯৬ সেকেন্ডের ব্যবধানে ডাচ তারকা ভারস্তাপেনকে টপকে যান তিনি।
শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে ফিনিশ লাইন অতিক্রম করেন দুই প্রতিদ্বন্দ্বী।
অষ্টম স্থান থেকে শুরু করা ভারস্তাপেন দুর্দান্ত গতিতে এগিয়ে এসে প্রায় রাসেলের সমান্তরালে পৌঁছে গিয়েছিলেন। ট্র্যাকে দুই দফা সেফটি কার নামায় রাসেলের স্পষ্ট ব্যবধান কমে গিয়ে রেসটি টিকে থাকার চূড়ান্ত লড়াইয়ে রূপ নেয়। এটি রাসেলের ক্যারিয়ারের অষ্টম ফর্মুলা ওয়ান জয়, চলতি মৌসুমে তৃতীয় এবং গত জুনে অস্ট্রিয়ান গ্রাঁ প্রিঁ জয়ের পর এটিই তার প্রথম সাফল্য। এই জয়ের সুবাদে ১৫ পর্বের প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষে থাকা দলীয় সতীর্থ কিমি আন্তোনেল্লির সঙ্গে পয়েন্টের ব্যবধান ১৫ কমিয়ে ৬৬-তে নামিয়ে আনেন রাসেল।
পোডিয়ামে ফিরে দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রিটিশ চালক। রাসেল জানান, ছুটির পর প্রতিটি রেসে তিনি ক্রমশ গতি ফিরে পেয়েছেন এবং নিজের সেরা ছন্দে ফিরতে পেরেছেন। কবজির চোটের কারণে আগের তিন রেস মিস করা ফরাসি তারকা ইসাক হাদজার রেড বুলের হয়ে তৃতীয় স্থান অধিকার করে পোডিয়ামে ফেরেন। অন্যদিকে শুক্রবারের বাছাইপর্বে দুর্ঘটনার শিকার হয়ে ১৬তম স্থান থেকে রেস শুরু করা আন্তোনেল্লি ধীরগতির লড়াই চালিয়ে পঞ্চম স্থানে পৌঁছান।
ফেরারির শার্ল ল্যক্লের চতুর্থ স্থান নিশ্চিত করেন এবং তার সতীর্থ সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন ষষ্ঠ স্থানে থেকে রেস শেষ করেন। রেসিং বুলসের নবাগত আরভিড লিন্ডব্লাড সপ্তম, হাস দলের দুই চালক এস্তেবন ওকন ও অলিভার বেয়ারম্যান যথাক্রমে অষ্টম ও নবম এবং উইলিয়ামসের কার্লোস সাইঞ্জ দশম স্থান দখল করে পয়েন্ট তালিকায় জায়গা করে নেন।
