শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অর্থনৈতিক ধাক্কা

আর্জেন্টিনায় দারিদ্র্য বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশে

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৮:১৫ পিএম

আর্জেন্টিনায় দারিদ্র্য বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশে

আর্জেন্টিনায় চলতি ২০২৬ সালের প্রথমার্ধে দারিদ্র্যের হার বেড়ে ৩২ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা ইনডেকের প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত বছরের শেষ ছয় মাসের তুলনায় দারিদ্র্য ৪ দশমিক ১ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

বেসিক খাদ্যের সংস্থান করতে না পারা চরম দরিদ্র মানুষের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

পরিসংখ্যান দপ্তর জানায়, চরম দারিদ্র্যের হার ৬ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৫ শতাংশে ঠেকেছে। একই সাথে দ্বিতীয় প্রান্তিকে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯ শতাংশে, যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে মাথাপিছু পারিবারিক আয় গড়ে ১১ দশমিক ৫ শতাংশ বাড়লেও জীবনযাত্রার ন্যূনতম ব্যয় বেড়েছে প্রায় ২০ শতাংশ। ফলে সাধারণ কর্মজীবী মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা দিন দিন সংকুচিত হয়ে পড়ছে।

অর্থনৈতিক চাপ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন পর্যবেক্ষকেরা।

ক্যাথলিক ইউনিভার্সিটি অব আর্জেন্টিনার এক পূর্বাভাসে বলা হয়েছে, বছর শেষে দেশটির সামগ্রিক দারিদ্র্যের হার ৩৫ শতাংশ পর্যন্ত উঠতে পারে। দায়িত্ব গ্রহণের পর ২০২৩ সাল থেকে প্রেসিডেন্ট হাভিয়ের মিলে দাবি করে আসছিলেন যে তার কঠোর কৃচ্ছ্রসাধন নীতি ইতিবাচক ফল দিচ্ছে। ২০২৪ সালের প্রথমার্ধে স্থানীয় মুদ্রা পেসোর ব্যাপক অবমূল্যায়নের পর দারিদ্র্য রেকর্ড ৫৩ শতাংশে উঠেছিল। পরবর্তীতে মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ২০২৫ সালের শেষার্ধে তা কমে নেমেছিল ২৮ দশমিক ২ শতাংশে।

তবে নতুন এই পরিসংখ্যানে সেই অগ্রগতি উল্টো দিকে মোড় নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নিত্যপণ্যের দামের তুলনায় বেতন না বাড়ায় সাধারণ আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে ২০২৭ সালের নির্বাচনকে সামনে রেখে নিম্নআয়ের ভোটারদের মধ্যে বর্তমান প্রশাসনের গ্রহণযোগ্যতা কমে ৩০ শতাংশের নিচে নেমেছে।

banner
Link copied!