কল্পবিজ্ঞানের সিনেমাগুলোতে আমরা যেমনটা দেখি, ঠিক তেমনটাই বাস্তবে করে দেখালো চীনের রোবট নির্মাতা সংস্থা ইউবিটেক রোবটিক্স। তাদের তৈরি নতুন হিউম্যানয়েড রোবট ওয়াকার এস২ এখন আর চার্জ দেওয়ার জন্য কারো সাহায্যের অপেক্ষায় থাকে না। ব্যাটারির শক্তি কমে গেলেই সে নিজে থেকে সেটি খুলে নতুন ব্যাটারি লাগিয়ে আবার কাজে ফিরে যেতে পারে। মানুষের মতো দেখতে এই রোবটটি বিরতিহীনভাবে ২৪ ঘণ্টা কাজ করতে সক্ষম, যা রোবটিক্স প্রযুক্তিতে এক নতুন মাইলফলক।
স্বয়ংক্রিয় এই প্রযুক্তি রোবটটির কার্যক্ষমতা বাড়িয়েছে।
ওয়াকার এস২ মূলত একটি উন্নত ডুয়াল-ব্যাটারি সিস্টেম ব্যবহার করে। রোবটটির ভেতরের সফটওয়্যার নিজেই বুঝতে পারে কখন তার শক্তির উৎস ফুরিয়ে আসছে। মানুষ যেমন ক্ষুধার ইঙ্গিত বুঝতে পেরে খাবার গ্রহণ করে, এই রোবটটিও তেমনি চার্জ কমলে রিচার্জের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। এটি সম্পূর্ণ অটোনোমাস বা স্বয়ংক্রিয় একটি প্রক্রিয়া।
ব্যাটারি পরিবর্তনের জন্য রোবটটি নির্দিষ্ট স্টেশনে ফিরে যায়।
চার্জ কমে এলে ওয়াকার এস২ নিজে থেকেই রিপ্লেসমেন্ট স্টেশনে চলে যায়। সেখানে নিজের হাত ব্যবহার করে পেছনের অংশ থেকে পুরনো ব্যাটারি খুলে চার্জিং পোর্টে রেখে দেয়। এরপর তাক থেকে একটি পূর্ণচার্জিত নতুন ব্যাটারি তুলে নিয়ে নিজের শরীরে সেটে নেয়। সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হতে রোবটটি মাত্র কয়েক মিনিট সময় নেয়।
এতে কোনো বাড়তি কমান্ডের প্রয়োজন হয় না।
চীনের কিছু ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সোয়াপিং প্রযুক্তির আদলে এটি তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শিল্প-কারখানা বা সেবামূলক কাজে ভবিষ্যতে এমন স্বয়ংসম্পূর্ণ কর্মীর চাহিদা ব্যাপক হারে বাড়বে। কোনো বিরতিহীন কাজ চালিয়ে যাওয়ার সক্ষমতা উৎপাদন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
