বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স প্ল্যাটফর্মে সম্ভাব্য নিরাপত্তা সমস্যা তদন্ত করার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ব্যবহারকারীদের তহবিল সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
নিরাপত্তা দলগুলো দ্রুততার সঙ্গে তথ্য পর্যালোচনা করেছে। ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার এবং কোনো ধরনের অপ্রাতিষ্ঠানিক লিংক, বার্তা বা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য চাওয়ার অনুরোধ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বাইন্যান্স।
কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা চাংপেং চাও এক্সে লিখেছেন যে ব্যবহারকারীদের তহবিল নিরাপদ আছে। তিনি প্ল্যাটফর্মে হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করেছেন এবং দ্রুত তহবিল অবরুদ্ধ করায় টেথার ও সার্কেলকে ধন্যবাদ জানিয়েছেন।
ঘটনার পর টেথার প্রায় ৯৭ কোটি ১০ লাখ ডলার অবরুদ্ধ করেছে। পাশাপাশি সার্কেল প্রায় ৮২ কোটি ৩০ লাখ ডলার অবরুদ্ধ করেছে বলে জানা গেছে।
সমস্যা সমাধানের জন্য বাইন্যান্স আলফা প্ল্যাটফর্মে তালিকাভুক্ত টোকেনগুলোর লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখে। এছাড়া সিইএক্স বাই টোকেন, আলফা ইনস্ট্যান্ট এবং স্পট ওয়ালেটের তহবিল ব্যবহার করে সিইএক্স পার্চেজ প্রেডিকশন মার্কেটিংয়ের কার্যক্রমও স্থগিত করা হয়।
পরবর্তী এক হালনাগাদকৃত তথ্যে জানানো হয়, সব মিলিয়ে অবরুদ্ধ করা মোট অর্থের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আরও সম্পদ শনাক্ত করে তা অবরুদ্ধ করতে আইন প্রয়োগকারী সংস্থা, ইস্যুকারী, ব্লকচেইন ইন্টেলিজেন্স ফার্ম এবং শিল্প অংশীদারদের সঙ্গে কাজ করছে বাইন্যান্স।
সহ-প্রতিষ্ঠাতা ই হি এক্সে ব্যবহারকারীদের তহবিল সুরক্ষিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন এবং হ্যাকিংয়ের কারণে হওয়া সব ক্ষতি কোম্পানি নিজে বহন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। নিরাপত্তা যাচাই ও তহবিল অবরুদ্ধকরণের কাজ চলার কারণে জমা ও উত্তোলনের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ডেভপস খাতের একজন প্রকৌশলীর ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। এর মাধ্যমে একজন আক্রমণকারী একটি সার্ভিস কনটেইনারের অ্যাক্সেস লাভ করে এবং অননুমোদিত উত্তোলনের লেনদেন সম্পন্ন করে।
বাইন্যান্স জানিয়েছে যে কোনো ওয়ালেটের প্রাইভেট কি বা চাবি চুরির কোনো প্রমাণ তারা পায়নি। তদন্ত শেষ হওয়ার পর এবং তথ্য যাচাই সাপেক্ষে একটি বিস্তারিত প্রযুক্তিগত প্রতিবেদন প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানিটি।
প্রভাবিত সম্পদগুলো অবরুদ্ধ করতে যখন ব্লকচেইন অংশীদাররা কাজ করছিলেন, তখন এই ঘটনার কারণে মোট সম্ভাব্য ক্ষতির পরিমাণ অনুমান করা হয়েছিল প্রায় ৬ দশমিক ৩ বিলিয়ন ডলার।
