মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

এন্থ্রপিক আইপিও

শেয়ার বাজারে আসার আগেই এন্থ্রপিকের রাজস্ব আয়ে বড় উল্লম্ফন

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ২, ২০২৬, ১০:৩০ পিএম

শেয়ার বাজারে আসার আগেই এন্থ্রপিকের রাজস্ব আয়ে বড় উল্লম্ফন

ক্লোড চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তিন মাসে তাদের রাজস্ব আয় ২০২৬ সালের প্রথমার্ধের পুরো সময়ে অর্জিত ১ হাজার ৬৩০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

এন্থ্রপিক সোমবার মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে সংশোধিত প্রোসপেক্টাস জমা দিয়েছে। গত ২৬ অক্টোবর প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়ার এক সপ্তাহ পর এই সংশোধিত নথি জমা দেওয়া হলো। কোম্পানিটি এএনটি টিকর প্রতীকের অধীনে নাসডাক গ্লোবাল সিলেক্ট মার্কেটে তাদের শেয়ার তালিকাভুক্ত করার আবেদন করেছে।

এই ত্রৈমাসিকে প্রতিষ্ঠানের নিট লোকসানের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। নিট লোকসান বেড়ে ২ হাজার ৩৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ২১০০ কোটি ডলার।

কার্যপরিচালনা ব্যয়ও তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। এ খাতে খরচ ২৯২ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে।

এন্থ্রপিক মোট ৮৯ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। এই মূলধনের প্রায় পুরোটাই কম্পিউটিং সক্ষমতা এবং অবকাঠামোর পেছনে ব্যয় করা হচ্ছে।

আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসের মধ্যে এই আর্থিক প্রতিশ্রুত অর্থের প্রায় ৭ হাজার কোটি ডলার পরিশোধ করতে হবে। কোম্পানিটির প্রাক্কলন অনুযায়ী ২০৩০ সালের শেষ নাগাদ তাদের প্রায় ৪৪ হাজার ৮০০ কোটি ডলার খরচ হবে।

এই প্রতিশ্রুতির মধ্যে কেনাকাটা ও লিজ নেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে যার মধ্যে কিছু চুক্তি এখনো কার্যকর হয়নি। প্রাথমিক প্রোসপেক্টাসে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে যে তারা ২০৩১ থেকে ২০৪৫ সালের মধ্যে বাকি সব ব্যয় সম্পন্ন করবে।

প্রতিষ্ঠানটি অ্যামাজন, গুগল, এনভিডিয়া এবং এএমডির হার্ডওয়্যার চিপের ওপর নির্ভর করে। কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের প্রশিক্ষণ দেওয়া, ব্যবহারকারীদের জন্য ক্লোড সেবা সচল রাখা এবং গবেষকদের সহায়তা দিতে এই প্রসেসরগুলো ব্যবহৃত হয়।

এন্থ্রপিক এবং বর্তমান শেয়ারহোল্ডার উভয়েই এই আয়োজনের সময় শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছে। কোম্পানিটি কেবল সরাসরি বিক্রি করা শেয়ার থেকেই আর্থিক আয় পাবে।

গোল্ডম্যান স্যাকস এবং মরগান স্ট্যানলি এই শেয়ার বিক্রির প্রক্রিয়া পরিচালনা করছে। মার্কিন থ্যাংকসগিভিং ছুটির আগেই এই অভিষেক ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

বাজার অভিষেকের সময় স্পেসএক্সের সংগৃহীত ৮ হাজার ৬২০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা অথবা তা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। বিনিয়োগকারীরা ব্যাংকারদের জানিয়েছেন যে কোম্পানির একটি ন্যায্য বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার কোটি থেকে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারের মধ্যে হতে পারে। প্রাথমিক প্রোসপেক্টাসে প্রস্তাবিত শেয়ারের মূল্য এবং মোট শেয়ারের সংখ্যা ফাঁকা রাখা হয়েছে।

banner
Link copied!