যুক্তরাষ্ট্রের বিশেষদূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার মঙ্গলবার অসলোতে এক কূটনৈতিক বৈঠকে যোগ দিচ্ছেন। নরওয়ের সরকারের তথ্য অনুযায়ী, এই উচ্চপর্যায়ের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশাপাশি নরওয়ে ও ফিনল্যান্ডের শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর মার্কিন প্রতিনিধিদের এই অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোচনার টেবিলে উইটকফ ও কুশনার উভয়ের উপস্থিতি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছিল ইউক্রেন।
বৈঠকে তাদের অন্তর্ভুক্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী স্টোর। মার্কিনদূত উইটকফ ব্যক্তিগতভাবে নরওয়ের রাজধানীতে উপস্থিত হয়েছেন, আর জারেড কুশনার যুক্ত হয়েছেন ভার্চুয়াল মাধ্যমে।
প্রধানমন্ত্রী স্টোরের সঙ্গে এই আলোচনায় অংশ নিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবও। এর আগেও যুদ্ধ অবসানের লক্ষ্যে এমন কূটনৈতিক উদ্যোগের আয়োজন করেছিল নরওয়ে ও ফিনল্যান্ড।
প্রধানমন্ত্রী স্টোর উল্লেখ করেন, এই বৈঠকের মূল লক্ষ্য কূটনৈতিক প্রচেষ্টাকে আরও গঠনমূলক পথে পরিচালিত করা। বিভিন্ন দেশে চলমান ধারাবাহিক আন্তর্জাতিক আলোচনারই অংশ এই বৈঠক।
নির্ধারিত রাজনৈতিক আলোচনা ছাড়াও অসলোতে বেশ ব্যস্ত সময় পার করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। নরওয়ের রাজার সঙ্গে সাক্ষাৎ এবং দেশটির সংসদ ভবন পরিদর্শনের কথা রয়েছে জেলেনস্কির।
অসলো বৈঠকের পর এই আলোচনার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়ে ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে আভাস দেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক বেনামী সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, অসলোর বৈঠক শেষে রাশিয়া সফরের পরিকল্পনা রয়েছে উইটকফের।
প্রতিবেদনে বলা হয়, নতুন কিছু প্রস্তাব নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আশা করছেন এই মার্কিন দূত।
রাশিয়ায় এই সম্ভাব্য সফর সংক্রান্ত খবরের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউজ।
