মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

তেল বাজার

মধ্যপ্রাচ্য উত্তেজনা: পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ে ব্রেন্ট ক্রুড

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২০, ২০২৬, ০১:০০ পিএম

মধ্যপ্রাচ্য উত্তেজনা: পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ে ব্রেন্ট ক্রুড

মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং ব্রেন্ট ক্রুডের মূল্য পাঁচ মাসের সর্বোচ্চ শিখরের কাছাকাছি অবস্থান করছে। সৌদি সময় সকাল ছয়টা ১৯ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৫৫ সেন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ বেড়ে ১১০ দশমিক ১০ ডলারে দাঁড়ায়। এর আগে গত সেশনে এই বেঞ্চমার্কের দাম পৌঁছায় ১১০ দশমিক ৭০ ডলারে, যা গত ২০ মের পর থেকে সর্বোচ্চ স্তর।

,

যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের নভেম্বর ডেলিভারি চুক্তি শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে, যার মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার কথা। তুলনামূলক বেশি সক্রিয় ডিসেম্বর চুক্তিটি ৩৯ সেন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ৯৩ ডলারে লেনদেন হয়।

,

আইএনজি-র বিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারের বর্তমান পরিস্থিতি এবং উচ্চ অস্থিরতার কারণে তেলের বাজার বেশ শক্ত অবস্থানে রয়েছে। তারা উল্লেখ করেছেন, ভূরাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও সরবরাহ যদি নিরবচ্ছিন্ন থাকে, তবে ঝুঁকি প্রিমিয়াম ধীরে ধীরে কমে যাওয়ার কথা, যদিও এখন পর্যন্ত এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

,

জাহাজ চলাচল ট্র্যাকার কেপলার জানিয়েছে, দুই সপ্তাহের ব্যবধানে অন্তত ১৮টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সোমবার ঘোষণা করেছে যে তারা সৌদি আরবের জ্বালানি খাত, বিমানবন্দর এবং সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে।

,

এই হামলার দাবির মধ্যে রয়েছে ইয়ানবুতে আরামকো স্থাপনা, শায়েবা তেলক্ষেত্র, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা বিমানবন্দরে আঘাত হানা। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এসব দাবির সত্যতা নিশ্চিত করেনি।

,

অন্য এক ঘটনায় সোমবার ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে হুথি হামলায় ৫৮ জন নিহত হন। এই হামলায় আহত হন দুই শতাধিক মানুষ। আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করায় এবং জ্বালানি সরবরাহের ঝুঁকি বজায় থাকায় তেলের দাম প্রতি ব্যারেল এক শ ডলারের ওপরে অবস্থান করছে।

,

রয়টার্সের প্রাক প্রাক্কলন অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ও পণ্যের মজুত হ্রাস পেতে পারে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে জ্বালানি ক্রয়ের ওপর শুল্ক ও জরিমানা সহ রাশিয়া-সংক্রান্ত প্রধান নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয়।

,

ট্রাম্প শনিবার জানান যে তিনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা করেননি। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন যে কর্মকর্তারা পরিস্থিতি মূল্যায়ন করার জন্য আরও কিছু সময় চাচ্ছেন।

,

আন্তর্জাতিক শক্তি সংস্থার গত সপ্তাহের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে রাশিয়ার অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক ৬৫ হাজার ব্যারেল বেড়ে ৮৪ লাখ ৩০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। তবে এই উৎপাদন এক বছর আগের তুলনায় প্রায় ৮ লাখ ৭০ হাজার ব্যারেল কম রয়েছে।

,

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেছেন, রুশ ডিজেল সরবরাহ তাত্ত্বিকভাবে কিছুটা স্বস্তি দিলেও ব্যবসায়ীরা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর বিদ্যমান ঝুঁকিগুলোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন।

banner
Link copied!