মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

সাইবার নিরাপত্তা

ফেডারেল নেটওয়ার্কে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিক নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২০, ২০২৬, ০২:৩০ পিএম

ফেডারেল নেটওয়ার্কে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিক নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি গত মঙ্গলবার একটি বাধ্যতামূলক নির্দেশিকা জারি করেছে যার মাধ্যমে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান ডিপসিককে সমস্ত ফেডারেল বেসামরিক নেটওয়ার্ক থেকে নিষিদ্ধ করা হয়েছে।

বিভাগের সাধারণ পরামর্শক জেমস পার্সিভাল জানিয়েছেন যে কোম্পানির মডেলগুলোতে একাধিক হুমকির পথ রয়েছে। তিনি সতর্ক করেন যে ডিপসিকের সার্ভারগুলো চীনের ভেতরে পরিচালিত হয়, যেখানে দেশের অভ্যন্তরীণ আইন অনুযায়ী সরকারি সাইবার ও গোয়েন্দা বিভাগগুলোর বেসরকারি কোম্পানির অবকাঠামোতে প্রবেশ করার ব্যাপক ক্ষমতা রয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে যে প্ল্যাটফর্মটির ইন্টারঅ্যাক্টিভ বা পারস্পরিক ক্রিয়ার কাঠামো সংবেদনশীল অপারেশনাল অনুসন্ধানগুলোকে বিদেশি হস্তক্ষেপের মুখে ফেলতে পারে। এই তথ্য চীনে স্থানান্তরের ফলে মার্কিন নাগরিক বা সরকারি প্রোগ্রামগুলোর ওপর কার্যকর গোয়েন্দা তথ্য উৎপাদিত হতে পারে।

স্বাধীন মূল্যায়নগুলো ডেভেলপার মোবাইল সফটওয়্যারে ত্রুটির পাশাপাশি ব্যবহারকারী ফিঙ্গারপ্রিন্টিং বা শনাক্তকরণের ঝুঁকি উন্মোচন করেছে।

ফেডারেল বেসামরিক নির্বাহী শাখার সংস্থগুলোকে অবিলম্বে বিদ্যমান ডিপসিক সফটওয়্যার, সংশ্লিষ্ট টুল এবং এর কাঠামোর ওপর নির্মিত তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনগুলো অপসারণ করতে হবে। কর্তৃপক্ষগুলোকে অনুমোদিত পণ্যের তালিকা থেকেও কোম্পানিটিকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মিশন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যকলাপে প্রয়োজন রয়েছে এমন সংস্থাগুলো সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির মাধ্যমে ৬০ দিনের মধ্যে লিখিতভাবে অব্যাহতির আবেদন জমা দিতে পারবে।

অপসারণ প্রক্রিয়া চলতে থাকাকালীন সংস্থগুলোকে অন্তর্বর্তীকালীন সাইবার নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করতে হবে। এই প্রোটোকলগুলোর মধ্যে রয়েছে উন্নত নেটওয়ার্ক লগিং, আউটবাউন্ড ডেটা স্থানান্তরের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং অস্বাভাবিক নেটওয়ার্ক ট্রাফিকের জন্য ধারাবাহিক মনিটরিং।

বেইজিং গত মঙ্গলবার নতুন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বেইজিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন যে চীন বরাবরই জাতীয় নিরাপত্তার ধারণার অপব্যবহার এবং বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক বিষয়গুলোকে রাজনৈতিকীকরণের বিরোধিতা করে আসছে।

মাও নিং আরও যোগ করেন যে চীন চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।

banner
Link copied!