শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে স্কুল হামলা

অরেগনের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলা: নিহত বেড়ে পাঁচ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ১৬, ২০২৬, ০২:০০ পিএম

অরেগনের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলা: নিহত বেড়ে পাঁচ

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তদন্তের বিষয়ে অবগত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তবে তারা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা আরও বাড়তে পারে।

পোর্টল্যান্ডের প্রায় ১০০ মাইল দক্ষিণ-পূর্বে বেন্ড শহরে অবস্থিত সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এই সহিংসতার ঘটনা ঘটে। বেন্ড পুলিশ বিভাগের মুখপাত্র শিলা মিলার এক সংবাদ সম্মেলনে সন্দেহভাজন হামলাকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তবে মোট পাঁচজন নিহতের মধ্যে ওই হামলাকারী অন্তর্ভুক্ত কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানাতে পারেননি পুলিশের এই মুখপাত্র।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিলা মিলার জানান, হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা তাদের কাছে এখনও নেই। তবে ভুক্তভোগীদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন।

দুপুর ১২টা বেজে ৫৯ মিনিটে স্কুলের বাইরে একটি গাড়িতে গুলি চালানোর প্রথম খবর পায় জরুরি সেবামাত্রীরা। এর পরপরই ভবনটির ভেতর থেকে একের পর এক জরুরি ফোনকল আসতে শুরু করে এবং পুলিশ মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়।

পুলিশ সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই হামলাকারীকে গুলিবিদ্ধ অবস্থায় নিস্তেজ পাওয়া যায়। তবে ওই হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছেন, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও শহর কর্তৃপক্ষ বা পুলিশ বিভাগের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো ইমেইল জবাব দেননি।

পুলিশ যখন দ্রুত ঘটনাস্থল নিরাপদ করতে ছুটে যায়, তখন বেন্ড-লা পাইন স্কুল ডিস্ট্রিক্ট ফেসবুকের একটি বিবৃতির মাধ্যমে সিলভার রেল এলিমেন্টারি স্কুলকে লকডাউন ঘোষণা করে। এরপর পুলিশ সদস্যরা ভবনটির ভেতরে তল্লাশি অভিযান শুরু করেন।

সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ হয়ে পড়া শিলা মিলার বলেন, তারা বর্তমানে রুম ধরে ধরে তল্লাশি চালাচ্ছেন এবং স্কুলের ভেতরে থাকা প্রতিটি মানুষকে নিরাপদে সরিয়ে নিচ্ছেন। বেন্ড শহরে এমন মর্মান্তিক ঘটনা তারা কখনোই দেখতে চাননি এবং এটি অত্যন্ত হৃদয়বিদারক।

কিন্ডারগার্টেন থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয় সিলভার রেল এলিমেন্টারি স্কুলে। গত বছরের রাজ্য শিক্ষা বিভাগের রেকর্ড অনুযায়ী, এই বিদ্যালয়ে মোট ৪৫৯ জন শিক্ষার্থী পড়াশোনা করত।

banner
Link copied!