মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে, তাকে ‘বোকা’ বলে অভিহিত করাটা তিনি মোটেও পছন্দ করেন না। তবে সমালোচকরা যদি তাকে ‘মেধাবী স্বৈরশাসক’ বলে ডাকেন, তবে তাতে তার কোনো আপত্তি নেই। শুক্রবার নিউইয়র্কে সমর্থকদের সামনে দেওয়া এক ভাষণে ট্রাম্প তার বুদ্ধিমত্তা নিয়ে এমন বিতর্কিত দাবি করেন।সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জীবনে যত মানুষের সাথে পরিচিত হয়েছেন, তাদের মধ্যে আমিই সবচেয়ে বুদ্ধিমান।
নিজের প্রশাসনিক কঠোরতাকে বিরোধীরা একনায়কতন্ত্র বা স্বৈরশাসক হিসেবে সমালোচনা করলেও ট্রাম্প এটিকে ইতিবাচকভাবেই নিয়েছেন। তিনি বলেন, আমাকে মেধাবী স্বৈরশাসক বলা হলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে বোকা বলা হলে আমি তা মানতে রাজি নই। তার ভাষ্যমতে, যারা তাকে বোকা বলে সমালোচনা করছেন, তারা চাইলে তার চিকিৎসকের মাধ্যমে বুদ্ধিমত্তা পরীক্ষা করিয়ে নিতে পারেন। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে তিনি রসিকতা বা উপহাসের ছলে এমন কঠোর নেতৃত্বকেই নিজের যোগ্যতার পরিচায়ক হিসেবে দাবি করেছেন।
ট্রাম্পের এই বিতর্কিত বক্তব্যের ইতিহাস বেশ পুরনো। গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে, মাঝে মাঝে জাতির জন্য একজন স্বৈরশাসকের প্রয়োজনীয়তা দেখা দেয়। এছাড়া ২০২৪ সালের নির্বাচনের আগেও ফক্স নিউজের সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তিনি স্বৈরশাসকের মতো আচরণ করবেন। সমালোচকরা মনে করেন, ট্রাম্পের এসব বক্তব্যের মাধ্যমে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজের কর্তৃত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়ে থাকেন।
