বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ভোটের আগে আতঙ্ক

ভীতি ছড়াচ্ছেন নেতানিয়াহু‍‍` নির্বাচনে লাপিদের তোপ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৭:২২ পিএম

ভীতি ছড়াচ্ছেন নেতানিয়াহু‍‍` নির্বাচনে লাপিদের তোপ

আসন্ন সাধারণ নির্বাচনের আগে সম্ভাব্য হামলার সতর্কবার্তা জারি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে আতঙ্ক ছড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে এক নিরাপত্তা বৈঠকের পর লাপিদ এই দাবি করেন। তিনি জানান, সাধারণ নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ নেই।

ভোটের পরিবেশ নিয়ে কোনো সংকট নেই।

মঙ্গলবার দিনের শুরুতে একটি সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমানের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন নেতানিয়াহু। সেখানে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনের আগে শত্রুপক্ষ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে তিনি সুনির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান, হামাস, হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের উদ্দেশে পাল্টা সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নেতানিয়াহুর ওই বক্তব্যের পরপরই জরুরি নিরাপত্তা বৈঠকের আহ্বান জানান ইয়েস আতিদ দলের শীর্ষ নেতা লাপিদ। বৈঠকের পর তিনি জানান, নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে এবং জনগণকে অহেতুক আতঙ্কিত করার কোনো মানে হয় না।

লাপিদের অভিযোগ, নির্বাচনী প্রচারণার স্বার্থে সামরিক ঘাঁটিকে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ২০২৩ সালের সাত অক্টোবরের হামলার আগে গোয়েন্দা সতর্কবার্তা উপেক্ষা করার ব্যর্থতাও নেতানিয়াহুর ওপর বর্তায় বলে তিনি মন্তব্য করেন। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর দীর্ঘস্থায়ী হামলায় নিহতের সংখ্যা ৭৬ হাজার ছাড়িয়েছে।

banner
Link copied!