বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

অবসরে ভেঙে জার্মানি বিশ্বকাপ স্কোয়াডে ফিরলেন ম্যানুয়েল নয়ার

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২১, ২০২৬, ০৯:৩৭ পিএম

অবসরে ভেঙে জার্মানি বিশ্বকাপ স্কোয়াডে ফিরলেন ম্যানুয়েল নয়ার

২০২৬ ফুটবল বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে এক মহাতারকার রাজকীয় প্রত্যাবর্তন ঘটল। ব্রাজিলের স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি এবং চোটের খবরের রেশ কাটতে না কাটতেই এবার জার্মানি ফুটবল দলে বড় ধরনের চমক দেখা গেল। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ৪০ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়ার অবসর ভেঙে পুনরায় দলে ফিরেছেন।

কিংবদন্তি গোলরক্ষককে নিয়েই নাগেলসম্যানের বাজি।

বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) কোচ ইউলিয়ান নাগেলসম্যান জার্মানির যে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন, সেখানে নয়ারকে শুধু রাখাই হয়নি, বরং অলিভার বাউম্যানকে পেছনে ফেলে টুর্নামেন্টে দলের প্রধান গোলরক্ষক হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০১৪ সালের ঐতিহাসিক মারাকানা জয়ের নায়কদের মধ্যে একমাত্র ম্যানুয়েল নয়ারই বর্তমান জার্মানি স্কোয়াডে টিকে রইলেন। তবে দলে ফিরলেও জোশুয়া কিমিখের কাছ থেকে অধিনায়কত্বের আর্মব্যান্ড কেড়ে নেওয়া হচ্ছে না, কিমিখই থাকছেন ডাই মানশাফটদের কাপ্তান।

নাগেলসম্যান আক্রমণভাগে ভরসা রেখেছেন তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে।

কাই হাভার্টজ, ফ্লোরিয়ান ভির্টজ এবং নিক ভোল্টমেড আক্রমণভাগের নেতৃত্ব দেবেন। এছাড়া গোড়ালির চোট কাটিয়ে দলে ফিরেছেন জামাল মুসিয়ালা এবং প্রথমবারের মতো মূল জাতীয় দলে ডাক পেয়েছেন বায়ার্ন মিউনিখের ১৮ বছর বয়সী বিস্ময় বালক লেনার্ট কার্ল। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে নকআউট পর্বে জার্মানির পারফরম্যান্স সন্তোষজনক নয়, ইউরো ২০২৪-এর ডেনমার্কের বিপক্ষের জয়টি ছিল তাদের দীর্ঘ সময়ের একমাত্র সাফল্য।

হৃত গৌরব পুনরুদ্ধার করতে নাগেলসম্যান অভিজ্ঞ নয়ারের ওপরই ভরসা রাখছেন।

বিশ্বকাপের গ্রুপ ‍‍`সি‍‍`-তে জার্মানির প্রতিপক্ষ কুরাসাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর। আগামী ৩১ মে ফিনল্যান্ডের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে দল আমেরিকার উদ্দেশ্যে উড়াল দেবে। শনিবার জার্মান কাপের ফাইনালে নয়ারের খেলা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও, নাগেলসম্যানের এই ‘নতুন-পুরোনো’ জার্মানি পঞ্চমবারের মতো নয়ারের হাত ধরে বিশ্বজয়ের ট্র্যাকে ফিরতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

জার্মানি স্কোয়াড: গোলরক্ষক: অলিভার বাউম্যান, ম্যানুয়েল নয়ার, আলেকজান্ডার নুবেল। ডিফেন্ডার: ভালদেমার আন্তন, ন্যাথানিয়েল ব্রাউন, জোশুয়া কিমিখ, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, জোনাথন তাহ, মালিক থিয়াও। মিডফিল্ডার: নাদিয়েম আমিরি, লিওন গোরেটস্কা, প্যাসকাল গ্রস, জেমি লেভেলিং, জামাল মুসিয়ালা, ফেলিক্স নমেচা, আলেকসান্ডার পাভলোভিচ, অ্যাঞ্জেলো স্টিলার, ফ্লোরিয়ান ভির্টজ। ফরওয়ার্ড: ম্যাক্সিমিলিয়ান বায়ার, কাই হাভার্টজ, লেনার্ট কার্ল, লেরয় সানে, ডেনিজ উন্দাভ, নিক ভোল্টমেড।

banner
Link copied!