সোমবার, ০১ জুন, ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

সর্বকালের সেরা বিশ্বকাপ খেলার লক্ষ্য নিগার সুলতানার

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : জুন ১, ২০২৬, ০৪:২০ পিএম

সর্বকালের সেরা বিশ্বকাপ খেলার লক্ষ্য নিগার সুলতানার

ইংল্যান্ডে আগামী ১২ জুন শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বমঞ্চে এবার নিজেদের চেনা রূপ ভেঙে সম্পূর্ণ নতুন ও আত্মবিশ্বাসী এক দল হিসেবে হাজির হতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। দীর্ঘদিনের জয়ের খরা কাটিয়ে এবার বিশ্বকাপে নতুন এক দিগন্ত উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি বিশেষ কলামে নিজের এই লক্ষ্য ও ভাবনার কথা প্রকাশ করেছেন তিনি।

ইতিহাস বদলাতে চান জ্যোতি।

টি-টোয়েন্টি বিশ্বমঞ্চে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। ২০১৪ সালের আসরে প্রথমবার অংশ নিয়ে দুটি জয় পাওয়ার পর টানা ১০ বছর আর কোনো জয়ের মুখ দেখেনি দল। দীর্ঘ এক দশকের সেই খরা কাটে গত ২০২৪ সালের আসরে স্কটল্যান্ডকে পরাজিত করার মাধ্যমে। তবে অতীতের এই দীর্ঘ জয়হীন পথকে বাড়তি চাপ হিসেবে দেখতে রাজি নন অধিনায়ক। জ্যোতি এটিকে দেখছেন একটি পুরোনো ইতিহাস পরিবর্তনের চ্যালেঞ্জ হিসেবে। তার মতে, গত আসরের চেয়ে বর্তমান দলটি অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও গোছানো।

এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২৫টি ম্যাচ খেলে মাত্র তিনটি জয় পেয়েছে বাংলাদেশ। এবার সেই সংখ্যা বাড়িয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা পারফরম্যান্স উপহার দিতে মরিয়া টাইগ্রেসরা। এবারের আসরে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে বাংলাদেশ। কঠিন গ্রুপে পড়লেও ম্যাচ ধরে ধরে আলাদা পরিকল্পনা নিয়ে এগোতে চায় দল।

জ্যোতি মনে করেন, প্রতিপক্ষ দলগুলো নিয়মিত সেমিফাইনাল বা ফাইনাল খেললেও নির্দিষ্ট দিনে যেকোনো দলকে হারানো সম্ভব। ১৮ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলা জ্যোতির এটি ষষ্ঠ বিশ্বকাপ আসর এবং অধিনায়ক হিসেবে এটি তার তৃতীয় আসর। বিশ্বমঞ্চে নিজের দেশকে নেতৃত্ব দেওয়াকে তিনি একই সঙ্গে অনেক বড় গর্ব এবং দায়িত্বশীলতার চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

banner
Link copied!