রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

রাশিয়া ইউক্রেন যুদ্ধ

পুতিন জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত: ক্রেমলিনের দাবি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১, ২০২৬, ০৭:৩০ পিএম

পুতিন জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত: ক্রেমলিনের দাবি

ইউক্রেনের সমকক্ষ ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যেকোনো আলোচনা কখনোই প্রত্যাখ্যান করেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রুশ নেতৃত্বের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ভেস্তি চ্যানেলের এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ।

উশাকভ বলেন, কিয়েভের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে প্রস্তুত রয়েছেন রুশ রাষ্ট্রপ্রধান। ইউক্রেনীয় নেতা যদি ফোনকলের উদ্যোগ নেন, তবে রাশিয়ার প্রেসিডেন্ট তাতে সাড়া দেবেন বলেও ইঙ্গিত দেন তিনি।

উশাকভ আরও বলেন, আমি মনে করি তিনি অবশ্যই উত্তর দেবেন। পুতিন একবারের জন্যও আলোচনার প্রস্তাব ফিরিয়ে দেননি।

ক্রেমলিনের এই কর্মকর্তা যোগ করেন, আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে মস্কোয় আসতে পারেন। বিভিন্ন সূত্রের মাধ্যমে সংলাপের বার্তাগুলো মস্কোয় এসে পৌঁছেছে বলে জানান তিনি।

উশাকভ বলেন, তিনি বিভিন্ন মাধ্যমে সংকেত পাঠাচ্ছেন। তিনি কথা বলতে চান এবং যদি তার এতই কথা বলার ইচ্ছা থাকে, তবে তিনি নিজেই চলে আসুন।

চলমান সংঘাত সমাধানের সম্ভাব্য রূপরেখা সম্পর্কে বলতে গিয়ে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রকে নিয়ে একটি প্রাথমিক কাঠামোর প্রস্তাব দেন উশাকভ। পরবর্তীতে এই প্রক্রিয়ায় ইউরোপীয় প্রতিনিধিরাও যুক্ত হতে পারেন বলে জানান তিনি।

তিনি বলেন, আমেরিকার সঙ্গে আমাদের কার্যকরী যোগাযোগ রয়েছে। তাই এটি অত্যন্ত স্বাভাবিক যে আলোচনার অন্তত প্রথম পর্বগুলো ত্রিপক্ষীয় বিন্যাসে অনুষ্ঠিত হবে।

গত ২৯ অক্টোবর শেষ হওয়া তৃতীয় রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন নিয়েও কথা বলেন উশাকভ। তবে কোনো নির্দিষ্ট বিবরণ না দিয়েই তিনি দাবি করেন, এই আয়োজন ভণ্ডুল করার চেষ্টাকারীরা সফল হয়নি।

২০১৯ সালে সোচি এবং ২০২৩ সালে সেন্ট পিটার্সবার্গে আয়োজিত হওয়ার পর এই প্রথমবারের মতো মস্কোয় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো। এতে ২২ জন রাষ্ট্রপ্রধানসহ মোট আটচল্লিশটি আফ্রিকান দেশের প্রতিনিধিদল অংশ নেয়।

banner
Link copied!