হ্যারি স্টাইলসের `টুগেদার, টুগেদার` ওয়ার্ল্ড ট্যুরের মঞ্চের নকশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কনসার্টে আসা দর্শকরা। আমস্টারডামে প্রথম দশটি শো শুরু হওয়ার পরপরই অনেকেই অভিযোগ করেছেন যে তারা পুরো সময় জুড়ে মঞ্চের পারফরম্যান্স দেখতে পাননি। পরিস্থিতি সামাল দিতে এবার মঞ্চের নকশায় দ্রুত পরিবর্তন আনার কথা জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।বিবিসি নিউজবিটকে দেওয়া এক বিবৃতিতে হ্যারি স্টাইলসের অফিশিয়াল প্রতিনিধি জানিয়েছেন, দর্শকদের আরও স্বাধীনতা দিতেই মূলত এমন খোলা নকশা করা হয়েছিল।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের যেসব ছবি ছড়িয়ে পড়েছে, তাতে পেছনের সারির দর্শকদের দুর্দশার চিত্র বেশ স্পষ্ট। ১০ ফুট উঁচু হাঁটার রাস্তার কারণে অনেকেই মঞ্চের মূল অংশ ঠিকমতো দেখতে পাননি। বিশেষ প্যাকেজ কিনে যারা মঞ্চের ভেতরের নির্দিষ্ট অংশে দাঁড়িয়েছিলেন, তাদের চারপাশ ঘুরে গান গাওয়ার কথা ছিল ৩২ বছর বয়সী এই ব্রিটিশ তারকার। কিন্তু বাস্তবে অনেকেই তাঁকে ঠিকমতো দেখতে পাননি।
সাবেক ওয়ান ডিরেকশন ব্যান্ডের এই তারকা এর আগেও টিকিটের চড়া দাম নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
এই বিশাল ওয়ার্ল্ড ট্যুরে মোট ৬৭টি শো থাকলেও তা অনুষ্ঠিত হচ্ছে মাত্র সাতটি শহরে। এর মধ্যে লন্ডনে ১২টি, আমস্টারডামে ১০টি এবং নিউইয়র্কে ৩০টি শো রয়েছে। সীমিত শহরের কারণে এমনিতেই অনেক দর্শককে যাতায়াত ও হোটেলের পেছনে বিপুল পরিমাণ বাড়তি টাকা গুনতে হচ্ছে।
এত বিপুল অর্থ খরচের পরও মঞ্চ দেখার সুযোগ না পাওয়ায় দর্শকদের হতাশা এখন ক্ষোভে রূপ নিয়েছে।
শুক্রবার থেকে আমস্টারডাম এবং লন্ডনের শোগুলোর সামনের দিকের ব্রিজগুলোতে কাঠামোগত পরিবর্তন আনা হবে। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে হ্যারি স্টাইলসের দল জানিয়েছে, স্থানীয় নিরাপত্তা বিধি মেনে যত দ্রুত সম্ভব এই দৃষ্টিসীমার সমস্যার সমাধান করা হচ্ছে। ১৯ বছর বয়সী দর্শক নাদিয়া ওয়েসলিং প্রায় ৩৫০ ইউরো বা ৩০০ পাউন্ড খরচ করে প্রথম সারির টিকিট কিনেছিলেন।
তিনি বিবিসি-কে জানান, প্রথম কয়েক সারির প্রায় প্রতিটি জায়গা থেকেই মঞ্চের দৃশ্য আড়াল হয়ে ছিল।
এত টাকা খরচ করার পর গায়ককে মাত্র কয়েকবার হেঁটে যেতে দেখাটা তাঁর কাছে বেশ হাস্যকর মনে হয়েছে। আরেক দর্শক ড্যানিয়েল ও`কনার জানান, কম দামের টিকিট কিনে যারা পেছনে বসেছিলেন, তারাই বরং ভালো দেখতে পেয়েছেন। প্রথম দিকের শোগুলোতে অংশ নেওয়া দর্শকদের গিনিপিগ হিসেবে ব্যবহার করা চরম হতাশাজনক বলে মন্তব্য করেন এই নিয়মিত কনসার্ট দর্শক।
