ওপেনএআইয়ের প্রধান কার্যালয়ে আড়ি পাতার যন্ত্র বসানোর অভিযোগে ৩৫ বছর বয়সী আবদুল রহমান আলফোজান নামের এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার আটকের পর গত মঙ্গলবার তাকে ফেডারেল আদালতে হাজির করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
,মামলার বিবরণী অনুযায়ী, সান ফ্রান্সিসকোতে অবস্থিত প্রতিষ্ঠানটির সদর দপ্তরের একটি নির্বাহী কনফারেন্স রুমে টয়লেট পেপারের রোলের ভেতরে লুকানো এবং একটি টেলিভিশনের সাথে যুক্ত একটি রেকর্ডিং ডিভাইস দেখতে পান কর্মীরা। গত ৩০ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে এই ডিভাইসটি উদ্ধার করা হয়।
,তদন্তকারীদের ধারণা, ডিভাইসটি এর দুই দিন আগে সেখানে স্থাপন করা হয়েছিল। গবেষণা, পণ্যের পরিকল্পনা এবং ব্যবসায়িক কৌশলের মতো সংবেদনশীল ও গোপনীয় আলোচনা করার জন্য ওই নির্বাহী কক্ষটি নিয়মিত ব্যবহার করা হতো।
,সিসিটিভি ক্যামেরার ফুটেজে কনফারেন্স রুমটির আশপাশে একাধিকবার আলফোজানের উপস্থিতি দেখা গেছে। তবে ওই কক্ষের ভেতরের কোনো মিটিংয়ে অংশ নেওয়ার মতো কোনো অনুমোদন তার ছিল না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
,তদন্তকারীরা আসামির স্ত্রীর অ্যাকাউন্টের সাথে যুক্ত চ্যাটবট সার্চের ইতিহাসও খতিয়ে দেখেছেন। সেখানে রেকর্ডিং ডিভাইস তৈরি করা, লুকিয়ে রাখা এবং দূর থেকে তা চালনা করার উপায় সম্পর্কে বিভিন্ন তথ্য খোঁজা হয়েছিল।
,পরবর্তীতে নিরাপত্তারক্ষীরা আলফোজানের নিজের ব্যাগের ভেতর থেকে দ্বিতীয় আরেকটি রেকর্ডিং ডিভাইস উদ্ধার করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআই জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমেই এই নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি উন্মোচিত হয়েছে।
,কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানটি বিষয়টি সরাসরি এফবিআইয়ের কাছে হস্তান্তর করে এবং অভিযুক্ত কর্মীকে চাকরিচ্যুত করে। ওপেনএআই জানিয়েছে, তাদের এআই মডেলের ওজন, সোর্স কোড বা গ্রাহকদের ডেটায় অননুমোদিতভাবে প্রবেশাধিকার পাওয়ার কোনো প্রমাণ মেলেনি।
,দোষী সাব্যস্ত হলে আলফোজানের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ ছাড়া তাকে আড়াই লাখ ডলার জরিমানার মুখোমুখি হতে হতে পারে।
