বিদেশি একটি রাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর এক কর্মরত সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। বেডফোর্ডশায়ারের বাসিন্দা ২৪ বছর বয়সী ওই নৌসেনার নাম টেডি ইয়াং। যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশের বরাতে জানা গেছে, দেশটির জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত তথ্য বেআইনি উপায়ে সংগ্রহ ও সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত সেনাসদস্য বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
লন্ডনের কাউন্টার টেররিজম পুলিশিংয়ের পক্ষ থেকে জানানো হয়, টেডি ইয়াংয়ের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে তিনি এমন তথ্য অননুমোদিতভাবে সংগ্রহ, অনুলিপি ও নিজের কাছে রেখেছিলেন যা বিদেশি শক্তির সুবিধা সৃষ্টি করতে পারে। এই তৎপরতা যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ ও সার্বিক নিরাপত্তার পরিপন্থী হতে পারে জেনেও তিনি তা সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছিলেন বলে দাবি করেছে প্রসিকিউশন। ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে ২০২৫ সালের ২১ মে সময়কালে এসব কর্মকাণ্ড সংঘটিত হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
লন্ডনের কাউন্টার টেররিজম প্রধান কমান্ডার হেলেন ফ্ল্যানাগান জানান, কর্মরত সামরিক বাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে এ ধরনের আইনি পদক্ষেপ অত্যন্ত গুরুতর বিষয়। তদন্ত চলাকালে যেকোনো সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে কাজ করেছে পুলিশ। তদন্তকারী সংস্থা আরও নিশ্চিত করেছে, সম্প্রতি ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের কাছে সন্দেহজনক তৎপরতাকে ঘিরে যে সাতজনকে আটক ও পরে জামিন দেওয়া হয়েছিল, সেই ঘটনার সঙ্গে নৌসেনার এই মামলার কোনো সম্পর্ক নেই।
নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, একজন সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়টি তারা অবগত আছেন। আইনি প্রক্রিয়া বিচারাধীন থাকায় এ বিষয়ে প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে নতুন কোনো মন্তব্য করা হয়নি।
