আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আলজেরিয়া। উত্তর আফ্রিকার এই দেশটির প্রধান কোচ ভ্লাদিমির পেতকোভিচ মূলত অভিজ্ঞতার ওপর বিশেষ জোর দিয়ে তার দল সাজিয়েছেন। এবারের মেগা ইভেন্টে কঠিন ‘জে’ গ্রুপে থাকা আলজেরিয়াকে লড়তে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। দীর্ঘ এক দশক পর বিশ্বমঞ্চের মূল পর্বে জায়গা করে নেওয়া এই দলটিকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন দেশের ফুটবল সমর্থকেরা।লুকা জিদানকে নিয়ে বড় বাজি ধরলেন কোচ।
ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে গোলরক্ষক লুকা জিদানকে চোট কাটিয়ে ওঠার পরপরই দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ পেতকোভিচ। গত এপ্রিলে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলার সময় থুতনি ও চোয়ালে গুরুতর চোট পেয়েছিলেন লুকা। তবে তার প্রতিভার ওপর পূর্ণ আস্থা রেখে স্কোয়াডে উসামা বেনবত ও মেলভিন মাস্তিলের পাশাপাশি তৃতীয় গোলরক্ষক হিসেবে তাকে যুক্ত করা হয়েছে। গত অক্টোবরে আলজেরিয়ার জার্সিতে অভিষেক হওয়া লুকা এ পর্যন্ত মাত্র চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।
দলের রক্ষণভাগ ও মাঝমাঠে অভিজ্ঞ তারকাদের ফিরিয়ে এনেছেন কোচ ভ্লাদিমির পেতকোভিচ। আলজেরিয়ার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা অভিজ্ঞ ডিফেন্ডার এইসা মান্দি রক্ষণ সামলানোর মূল দায়িত্বে থাকবেন, যেখানে তাকে সঙ্গ দেবেন রাইয়ান আইত-নুরি ও রামি বিন সাবাইনির মতো ডিফেন্ডাররা। মাঝমাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার নাবিল বেনতালেবও চোটের দীর্ঘ ধকল কাটিয়ে বিশ্বমঞ্চের দলে জায়গা করে নিয়েছেন। এছাড়া আক্রমণভাগে হুসেম আওয়ার ও আমিন গুইরির প্রত্যাবর্তন দলটিকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে, যারা চোটের কারণে গত আফ্রিকা কাপ অব নেশনসে অংশ নিতে পারেননি।
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে অধিনায়ক রিয়াদ মাহরেজের উপস্থিতি দলের আক্রমণভাগকে দেবে বাড়তি আত্মবিশ্বাস। মোহাম্মদ আমিন আমুরা ও আনিস হাজ মুসাদের মতো তরুণ ফরোয়ার্ডদের সঙ্গে নিয়ে মাহরেজ আলজেরিয়ার ফরোয়ার্ড লাইনের নেতৃত্ব দেবেন। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর এবারই প্রথম মূল পর্বে খেলবে আলজেরিয়া। মূল টুর্নামেন্ট শুরুর আগে ৩ জুন নেদারল্যান্ডস এবং ১০ জুন বলিভিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর আগামী ১৭ জুন কানসাস সিটিতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয়ে নিজেদের গ্রুপ পর্বের অভিযান শুরু করবে আলজেরিয়া দল।
