বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ শুরু ফুটবল বিশ্বকাপ: কোথায়, কখন দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : জুন ১১, ২০২৬, ০১:৪১ পিএম

আজ শুরু ফুটবল বিশ্বকাপ: কোথায়, কখন দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের ৯৬ বছরের ইতিহাসে আজ এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। তিনটি আলাদা দেশে, তিনটি ভিন্ন শহরে এবং তিনটি আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। ফুটবল বিশ্বের এই মহাযজ্ঞে এবার আয়োজক হিসেবে থাকছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। বিশ্বকাপের ইতিহাসে এমন যৌথ এবং বৈচিত্র্যময় উদ্বোধনী আয়োজনের নজির আগে কখনো দেখা যায়নি।

আগে যেকোনো আসরে একটি নির্দিষ্ট ভেন্যুতে উদ্বোধনী অনুষ্ঠান সীমাবদ্ধ থাকলেও, এবার সেই প্রথা ভেঙেছে ফিফা। মেক্সিকো সিটি, টরন্টো এবং লস অ্যাঞ্জেলেস—এই তিনটি শহরে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব ফুটবলের এই উৎসবকে স্বাগত জানানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি (বাংলাদেশ সময়):

  • মেক্সিকো সিটি (আজতেকা স্টেডিয়াম): আজ রাত ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর রাত ১টায় মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ।
  • টরন্টো: আগামীকাল (১২ জুন) রাত ১১টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর রাত ১টায় কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচ।
  • লস অ্যাঞ্জেলেস: শনিবার ভোর ৫টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর সকাল ৭টায় যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচ।

প্রতিটি শহরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে ভিন্ন আমেজ। মেক্সিকো সিটির আজকের আয়োজনে গুরুত্ব দেওয়া হচ্ছে আদিবাসী ঐতিহ্য ও লোকসংগীতকে। শাকিরার পরিবেশনা নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে, সেই সঙ্গে থাকছেন বার্না বয়, জে বালভিন ও আলেহান্দ্রো ফার্নান্দেজ। টরন্টোর অনুষ্ঠানে কানাডার ইতিহাস ও আধুনিকতার মিশেলে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট ও মাইকেল বুবলের মতো শিল্পীরা। অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানটি হবে দৃশ্যমান জাদুর এক বড় প্রদর্শনী, যেখানে মাতাবেন কেটি পেরি ও অ্যানিত্তার মতো তারকারা।

এই তিনটি অনুষ্ঠানের মূল পরিকল্পনা ও সার্বিক প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিখ্যাত অলিম্পিক প্রযোজক মার্কো বালিচ। তার লক্ষ্য হলো, ভিন্ন ভিন্ন সংস্কৃতির আবহে একটি অভিন্ন বার্তা পৌঁছে দেওয়া—ফুটবল যেমন ভাষা ও সীমান্তের বেড়া ভেঙে মানুষকে এক করে, তেমনি এই আসরটি হবে মানবতার এক মিলনমেলা।

কোথায় দেখবেন সরাসরি?

ফুটবল প্রেমীরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন বিশ্বকাপের এই রঙিন আয়োজন। আন্তর্জাতিকভাবে সরাসরি সম্প্রচার করবে ফক্স ও FS1। বাংলাদেশের দর্শকরা টেলিভিশন চ্যানেলের মধ্যে বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টিভিতে চোখ রাখতে পারবেন। এছাড়া অনলাইনে খেলা দেখার সুযোগ থাকবে মাই রবি অ্যাপ, টফি ও বায়োস্কোপে।

ফুটবল বিশ্বের এই রোমাঞ্চকর যাত্রার জন্য প্রস্তুত আয়োজক দেশগুলো। আজ রাতে আজতেকা স্টেডিয়ামে বাঁশি বাজার সাথে সাথেই শুরু হবে এক নতুন স্বপ্নের লড়াই।

banner
Link copied!