সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

শিশু সুরক্ষায় ঘাটতি

শিশুদের নিরাপদ খেলার অধিকার আছে‍‍`: ইনম্যান গ্রান্ট

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ৫, ২০২৬, ০৮:৫৪ পিএম

শিশুদের নিরাপদ খেলার অধিকার আছে‍‍`: ইনম্যান গ্রান্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলোতে শিশুদের নিরাপত্তা বিধানে গুরুতর ঘাটতি চিহ্নিত করেছে অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। দেশটির ই-সেফটি কমিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্টিম, রোবলক্স, ফোর্টনাইট এবং মাইনক্রাফটের মতো প্ল্যাটফর্মগুলো অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় অসংলগ্ন ও দুর্বল নীতি অনুসরণ করছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি এই প্রতিবেদন নিশ্চিত করেছে।

গবেষণায় দেখা গেছে, অস্ট্রেলিয়ায় আট থেকে ১৭ বছর বয়সী শিশুদের প্রতি ১০ জনের মধ্যে নয়জনই অনলাইন গেম খেলে।

ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট সতর্ক করে বলেছেন, ক্ষতিকর শিকারি প্রাপ্তবয়স্কদের সংস্পর্শ, যৌন চাঁদাবাজি, উগ্র চরমপন্থী বার্তা বা ক্ষতিকর কনটেন্ট ছাড়া নিরাপদে খেলার অধিকার প্রতিটি শিশুর রয়েছে। তিনি উল্লেখ করেন, প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তাব্যবস্থা দুর্বল হওয়ার সুযোগ নিয়ে শিকারি চক্র শিশুদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে এবং পরে তাদের যৌন শোষণ বা চরমপন্থার দিকে ঠেলে দেয়। শিশুদের সুরক্ষায় এই গেমিং প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে তাদের সেবার মান উন্নত করার নির্দেশ দিয়েছে অস্ট্রেলীয় কমিশন।

প্রতিবেদনে স্টিম ও স্টিম চ্যাটের মূল মালিক মার্কিন প্রতিষ্ঠান ভালভের ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটির তথ্যমতে, ক্ষতিকর উপাদান স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও মুছে ফেলার জন্য গেমিং শিল্পে বহুল ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহারে ব্যর্থ হয়েছে ভালভ। প্রতিষ্ঠানটি তাদের চ্যাট ব্যবস্থায় শিশুদের যৌন শোষণ বা সহিংস বিষয়বস্তু ঠেকাতে সক্রিয় কোনো প্রযুক্তিগত নজরদারি চালায় না, বরং তাদের বর্তমান নজরদারি শুধু আর্থিক জালিয়াতি বা স্ক্যাম ঠেকানোর মধ্যে সীমাবদ্ধ। এ ছাড়া ভালভ ও রোবলক্স উভয় প্রতিষ্ঠানই তাদের ভাষা শনাক্তকরণ অ্যালগরিদম পরিচালনার ক্ষেত্রে কেবল নিজস্ব ডেটা ব্যবহার করে এবং সেগুলো নিয়মিত হালনাগাদ করে না।

বয়স যাচাইয়ের ক্ষেত্রেও বড় ধরনের ফাঁকফোকর খুঁজে পেয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মাইনক্রাফট এবং ফোর্টনাইটে শিশুদের জন্য পৃথক অ্যাকাউন্ট ব্যবস্থার সুযোগ থাকলেও ব্যবহারকারীরা সেখানে নিজেদের বয়সের তথ্য নিজেরাই ঘোষণা করতে পারে। ফলে যেকোনো অপ্রাপ্তবয়স্ক নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিয়ে উচ্চ ঝুঁকিপূর্ণ সরাসরি যোগাযোগ ও চ্যাট ফিচারে যুক্ত হতে পারছে। স্টিমেও একইভাবে স্বঘোষিত বয়সের ওপর নির্ভর করা হতো, তবে সম্প্রতি তারা ক্রেডিট কার্ডের তথ্যের মাধ্যমে বয়স যাচাই ব্যবস্থা পরীক্ষা করছে। রোবলক্স কর্তৃপক্ষও গত বছরের ডিসেম্বর থেকে বয়স নিশ্চিত করার প্রক্রিয়া কিছুটা জোরদার করেছে।

বিভিন্ন গেমিং প্ল্যাটফর্মের মধ্যে নিরাপত্তা তথ্য বিনিময়েও বড় ধরনের অনীহা দেখা গেছে। মাইনক্রাফটের নির্মাতা মোজাং স্টুডিওস এবং রোবলক্স অনলাইনে শিশু নির্যাতন ও সহিংস চরমপন্থা রোধে বৈশ্বিক উদ্যোগের অংশীদার হলেও ভালভ এসব কর্মসূচিতে অংশ নেয়নি। অন্যদিকে ফোর্টনাইট নির্মাতা এপিক গেমস শিশু যৌন নিপীড়ন প্রতিরোধের একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে সুরক্ষাজনিত তথ্য ও বিভিন্ন নিরাপত্তা লঙ্ঘনের বিবরণ অন্য অংশীদারদের সাথে ভাগ করে নিতে ব্যর্থ হয়েছে।

অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশন ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই বিশদ প্রতিবেদন তৈরি করেছে। গত বছরের ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আলোচনায় আসে অস্ট্রেলিয়া, যদিও সে সময় গেমিং প্ল্যাটফর্মগুলোকে সেই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছিল। রোবলক্সের এক মুখপাত্র দাবি করেছেন, তারা অস্ট্রেলীয় শিশুদের সুরক্ষায় বিপুল বিনিয়োগ করেছে এবং বয়স যাচাই বাধ্যতামূলক করেছে। তবে ভালভ, এপিক গেমস এবং মাইক্রোসফটের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

banner
Link copied!