জর্ডানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী আকাবার একটি শিল্পাঞ্চলে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-মামলাকা জানিয়েছে, গ্যাস ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পরপরই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আকাবার দক্ষিণাঞ্চলীয় বন্দর এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সামগ্রিক ক্ষয়ক্ষতির পর্যালোচনা শুরু করে স্থানীয় প্রশাসন।
আহতদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আকাবা বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিবেশ ও জননিরাপত্তা বিষয়ক কমিশনার নিদাল আল-উরান জানান, ছড়িয়ে পড়া গ্যাস দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আহতদের শরীরে আঘাতের মাত্রা মৃদু থেকে মাঝারি ধরনের ছিল। তিনি জানান, দক্ষিণাঞ্চলীয় শিল্পাঞ্চলের একটি পুরোনো পাম্প বা চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চালানোর সময় জমে থাকা সামান্য পরিমাণ অ্যামোনিয়া গ্যাস বাতাসে বের হয়ে যায়। এলাকাটি সাধারণ আবাসিক এলাকা থেকে নিরাপদ দূরত্বে অবস্থিত হওয়ায় বড় ধরনের বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে।
একটি জাপানি প্রতিষ্ঠানের জন্য ওই কারিগরি মেরামত কাজ পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে তিনি প্রতিষ্ঠানটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি। কর্তৃপক্ষের কারিগরি দল ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থলে পুনরায় পরিদর্শন করে গ্যাসের মাত্রা পরীক্ষা করছে। বাতাসে কোনো ঝুঁকি অবশিষ্ট নেই বলে নিশ্চিত হওয়ার পর শ্রমিকদের নিজ নিজ দায়িত্বে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
