সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সুদান ইথিওপিয়া সংঘাত

ইথিওপিয়ার ড্রোন হামলা: জাতিসংঘে সুদান সরকারের আনুষ্ঠানিক অভিযোগ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ২, ২০২৬, ০১:০০ পিএম

ইথিওপিয়ার ড্রোন হামলা: জাতিসংঘে সুদান সরকারের আনুষ্ঠানিক অভিযোগ

গত মঙ্গলবার জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে সুদান। সাম্প্রতিক ড্রোন হামলায় ইথিওপিয়ার জড়িত থাকার অভিযোগ তুলেছে খার্তুম।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুদানের বিভিন্ন অঙ্গরাজ্যের বেসামরিক স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে এসব হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনার পাশাপাশি জরুরি সেবাগুলো ব্যাহত হয়েছে।

জমা দেওয়া নথিপত্র অনুযায়ী, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বেসামরিক স্থাপনা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা চালাতে ইথিওপীয় ভূখণ্ড ব্যবহার করেছে। এসব ড্রোনে বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র সংযুক্ত ছিল।

ইথিওপীয় ভূখণ্ডের এই ব্যবহারের ঘটনাকে শত্রুতামূলক কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ এনেছে সুদানি সরকার।

ইথিওপিয়াকে অবিলম্বে এই শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি, আধাসামরিক বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

তবে সুদানের এই বিবৃতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইথিওপিয়া সরকার।

গত সোমবার থেকে খার্তুম, আল জাজিরা, সেনার এবং আল কাদারিপের তেরোটি বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঢেউ শুরু হওয়ার পরই মূলত এই অভিযোগগুলো দায়ের করা হয়।

এর আগেও সুদান বারবার অভিযোগ করেছে যে, ইথিওপিয়া র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সহায়তা করছে এবং সীমান্ত পার হয়ে ড্রোন ওড়ানোর সুযোগ দিচ্ছে। তবে এই অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে আদ্দিস আবাবা। ইথিওপিয়া বরাবরই দাবি করে আসছে যে তারা সুদানের সার্বভৌমত্বকে সম্মান করে।

সুদান সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর এই সংঘাত শুরু হয় ২০২৩ সালের এপ্রিল মাসে। মূল সামরিক বাহিনীর সঙ্গে এই বাহিনীকে একীভূত করা নিয়ে মতবিরোধের জেরে এই যুদ্ধ শুরু হয়।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, এই লড়াইয়ে এখন পর্যন্ত দশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দেশজুড়ে চরম দুর্ভিক্ষ ও মানবিক সংকট আরও ঘনীভূত হয়েছে।

banner
Link copied!