সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারত যা চাইবে তাই পাবে: ট্রাম্পের ঘোষণা

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৫, ২০২৬, ০৬:১১ পিএম

ভারত যা চাইবে তাই পাবে: ট্রাম্পের ঘোষণা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে মোদির ঘনিষ্ঠ বন্ধু ও বড় ভক্ত হিসেবে অভিহিত করে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে এবং দেশটি যা চাইবে, তাই পাবে।

শনিবার রাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

ট্রাম্প বলেন, আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু। তিনি দাবি করেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান সম্পর্ক ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ। ভারত শতভাগ আমার এবং আমাদের দেশের ওপর ভরসা করতে পারে। তাদের কোনো সহায়তা প্রয়োজন হলে তারা জানে কোথায় ফোন করতে হবে। ভারত যা চাইবে, তাই পাবে।

ট্রাম্প আরও বলেন, প্রধানমন্ত্রী মোদিকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে জানিয়ে দেবেন, আমি তার একজন বড় ভক্ত।

মার্কো রুবিওর প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা পররাষ্ট্রমন্ত্রী। রুবিও বর্তমানে দিল্লি সফর করছেন এবং প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ে আলোচনা করছেন।

banner
Link copied!