সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভিয়াতিনা ১৯: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা বিশ্বের সবচেয়ে দামি গরু

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৫, ২০২৬, ০৭:১১ পিএম

ভিয়াতিনা ১৯: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা বিশ্বের সবচেয়ে দামি গরু

ব্রাজিলের একটি নিলামে ৪৮ লাখ মার্কিন ডলার মূল্যে বিক্রি হয়েছে ‘ভিয়াতিনা ১৯’ নামের একটি গরু। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৯ কোটি টাকা। এই অভাবনীয় মূল্যের কারণে গরুটি এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে দামি গবাদি পশু হিসেবে স্বীকৃতি পেয়েছে।১ হাজার ১০১ কেজি ওজনের এই গরুটি নেলোর প্রজাতির অন্তর্ভুক্ত।

২০২৩ সালে ব্রাজিলের সাও পাওলো শহরের আরন্দুতে এটি নিলামে তোলা হয়েছিল। এর আংশিক মালিকানা ১৪ দশমিক ৪ লাখ মার্কিন ডলারে বিক্রি হওয়ার পর গরুটির মোট বাজারমূল্য ৪৩ দশমিক ৮ লাখ ডলারে দাঁড়ায়, যা পরবর্তীতে রেকর্ড মূল্যে পৌঁছায়। প্রাণী বিজ্ঞানীদের মতে, গরুটির এই আকাশচুম্বী দামের নেপথ্যে রয়েছে এর অসাধারণ জেনেটিক উপাদান এবং শারীরিক গঠন। তুষার-সাদা রঙের এই গরু তার বিশাল আকৃতি এবং শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বিখ্যাত।

নেলোর প্রজাতির গরুর উৎপত্তি মূলত ভারতে। অন্ধ্র প্রদেশের নেলোর জেলার নাম থেকেই এই জাতটির নামকরণ করা হয়েছে। ১৮৬৮ সালে এক জোড়া নেলোর গরু জাহাজযোগে ব্রাজিলে নেওয়া হয়েছিল, যা বর্তমানে দেশটিতে অন্যতম প্রধান গবাদি পশুর প্রজাতিতে পরিণত হয়েছে। গ্রীষ্মমন্ডলীয় ও উষ্ণ আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে অত্যন্ত দক্ষ এই জাতের গরু মাংস ও দুগ্ধ উৎপাদনের জন্য উচ্চমানের হিসেবে বিবেচিত হয়।

ভিয়াতিনা ১৯-এর রেকর্ডমূল্য গবাদি পশুর উন্নত জিনগত মান সংরক্ষণের ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে। বিশেষজ্ঞদের মতে, এটি কেবল একটি পশু নয়, বরং বংশবৃদ্ধির জন্য একটি অমূল্য সম্পদ।

banner
Link copied!