সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া না করার নির্দেশ ট্রাম্পের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৫, ২০২৬, ০৭:২৩ পিএম

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া না করার নির্দেশ ট্রাম্পের

ইরানের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতা বা চুক্তি করার ক্ষেত্রে মার্কিন কর্মকর্তাদের কোনো তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রশাসনের প্রতিনিধিদলকে তিনি সময় নিয়ে সঠিকভাবে কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন।আলোচনা গঠনমূলকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি উল্লেখ করেন, উভয় পক্ষকেই বিষয়টি সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে। এর আগে শনিবার তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, দুই দেশের মধ্যে সমঝোতা প্রক্রিয়ার বেশিরভাগ আলোচনা শেষ হয়েছে এবং এটিকে একটি সমঝোতা স্মারক হিসেবে অভিহিত করেছিলেন। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই তার এই নির্দেশনার ফলে আলোচনায় কিছুটা ধীরগতির আভাস পাওয়া যাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, কিছু বিষয়ে সমঝোতা হলেও এখনো গুরুত্বপূর্ণ অনেক ইস্যুতে দুই দেশের মধ্যে দূরত্ব রয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই আলোচনা কোনো চূড়ান্ত চুক্তি নয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ছাড় এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতা নিয়ে এখনো জটিলতা রয়েছে।

এদিকে ওয়াশিংটনে রাজনৈতিক মহলে এই সম্ভাব্য চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রিপাবলিকান দলের অনেক সদস্যই ইরানের প্রতি নমনীয়তা দেখানো নিয়ে আপত্তি তুলেছেন। একদিকে কূটনৈতিক তৎপরতা চললেও, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার জল্পনাও উড়িয়ে দিচ্ছে না মার্কিন সংবাদমাধ্যমগুলো। উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছুটি বাতিলের মতো ঘটনায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

banner
Link copied!