সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপে দুই ভাই, খেলবেন দুই দেশের জার্সিতে

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৫, ২০২৬, ০৭:৩৯ পিএম

বিশ্বকাপে দুই ভাই, খেলবেন দুই দেশের জার্সিতে

বিশ্বকাপের মাঠে রক্তের সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়, কিন্তু এবারের আসরে দেখা যাবে এক বিরল দৃশ্য। একই পরিবারের দুই ভাই, দেজিরে দুয়ে এবং গেলা দুয়ে, ভিন্ন ভিন্ন দেশের জার্সি গায়ে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফ্রান্সের উদীয়মান তারকা দেজিরে এবং তার বড় ভাই গেলা — দুজনের বেড়ে ওঠা একই শহরে হলেও, জাতীয় দলের ক্ষেত্রে তারা বেছে নিয়েছেন আলাদা পথ।দুয়ে ভাইদের জন্ম ফ্রান্সের অ্যাঞ্জার্স শহরে।

দেজিরে বেছে নিয়েছেন তার মায়ের দেশ ফ্রান্সকে, আর বড় ভাই গেলা আইভরি কোস্টের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাব ক্যারিয়ারের শুরুটা তাদের একসঙ্গে হলেও সময়ের পরিক্রমায় তারা এখন আলাদা। দেজিরে বর্তমানে পিএসজির অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মাঠ মাতাচ্ছেন, অন্যদিকে বড় ভাই গেলা খেলছেন আরসি স্ট্রাসবুর্গের রাইট-ব্যাক হিসেবে।

তাদের ফুটবলের এই অনুরাগ মূলত পারিবারিক ঐতিহ্যেরই প্রতিফলন। তাদের পরিবারের আরও কয়েকজন সদস্য বিভিন্ন ক্লাবে পেশাদার ফুটবল খেলছেন এবং তাদের চাচা নুমঁদিয়া দুয়ে ২০১৪ বিশ্বকাপে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গেলা দুয়ে ২০২৪ সালের মার্চে আইভরি কোস্টের হয়ে অভিষেক করেন, আর দেজিরে গত বছর ফ্রান্সের জার্সিতে পা রাখেন। এখন তারা দুজনেই নিজ নিজ জাতীয় দলের হয়ে বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত।

২০২৬ সালের এই বিশ্বকাপ নকআউট পর্বে যদি ফ্রান্স ও আইভরি কোস্ট মুখোমুখি হয়, তবেই বিশ্ব ফুটবলে এই আবেগঘন মুহূর্তটি বাস্তবে দেখা যাবে। দুই ভাইয়ের একে অপরের বিপক্ষে মাঠে নামার সেই সম্ভাবনাটিই এখন ফুটবলপ্রেমীদের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

banner
Link copied!