পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু ধর্মের প্রতি কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ২৬ মে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় এ সংক্রান্ত লিখিত অভিযোগটি জমা দেন রিংকি চট্টোপাধ্যায় সিং নামের এক আইনজীবী। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এই মামলাটি গ্রহণ করা হয়েছে বলে শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।আইনজীবীর অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ইঙ্গিত রয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১, ৩৫২, ৩৫৩ এবং ২৯৯ ধারায় মামলাটি দায়ের হয়েছে, যা মূলত অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তিভঙ্গ ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের সঙ্গে সম্পর্কিত। অভিযোগকারী আইনজীবীর দাবি, সাবেক মুখ্যমন্ত্রী থাকাকালে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এর মধ্যে একটি ঘটনা গত ২০২৫ সালের ঈদের সময়কার এবং অন্যটি বিধানসভা নির্বাচনের আগের সময়ের বলে উল্লেখ করা হয়েছে।
বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রিংকি চট্টোপাধ্যায় দাবি করেছেন, রেড রোডে ঈদের নামাজে অংশ নেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে নোংরা বলে অভিহিত করেছিলেন। এ বিষয়ে অভিযোগপত্রে বলা হয়েছে, সেই সময়ের বক্তৃতায় তিনি ‘গান্দা ধর্ম’ শব্দটি ব্যবহার করে বিতর্কের জন্ম দিয়েছিলেন। এছাড়া বিধানসভা নির্বাচনের ঠিক আগে ধর্মতলার একটি ধর্নামঞ্চ থেকেও তিনি হিন্দু ভোটারদের প্রতি উসকানিমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগপত্রে দাবি জানানো হয়েছে।
মামলা দায়েরের প্রাথমিক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ওই আইনজীবী। তার দাবি, প্রথমে এফআইআর নিতে পুলিশ অস্বীকৃতি জানালেও আইনি প্রক্রিয়ার পর পরবর্তীতে অভিযোগ নথিভুক্ত করা হয়। তিনি বলেন, বাকস্বাধীনতার সীমা অতিক্রম করার ফলেই তাকে এই আইনি লড়াইয়ে নামতে হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এফআইআরে উল্লিখিত প্রতিটি বিষয় এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু হয়েছে।
তদন্তকারী দল এখন ওই সময়ের বক্তৃতাগুলোর অডিও ও ভিডিও ফুটেজ সংগ্রহের কাজ করছে। শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। এই মামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
