মাত্র ১৮ বছর বয়সে স্প্যানিশ ফুটবলের মধ্যমণি হয়ে ওঠা লামিন ইয়ামাল এখন ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন। বার্সেলোনার এই তরুণ উইঙ্গার ইতিমধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশনস লিগের ট্রফি জিতে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। মাঠে নামলে চাপের কোনো ছাপ তার মধ্যে দেখা যায় না, বরং খেলায় মুগ্ধতা ছড়ানোই তার প্রধান কাজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিশ্বকাপ নিয়ে স্বপ্নের কথা জানিয়েছেন।
জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকেই তিনি প্রতি ম্যাচে কঠিন সব প্রতিপক্ষের মোকাবিলা করছেন। শান্ত ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের রহস্য জানতে চাইলে ইয়ামাল বলেন, ফুটবল তার কাছে ছোটবেলা থেকেই সবচেয়ে প্রিয় এবং মাঠে নামলে গ্যালারিতে বাবা-মাকে দেখলে সব চাপ নিমেষেই উধাও হয়ে যায়। নিজেকে অনেকটা সুপারহিরোর মতো অনুভব করেন বলে জানান তিনি।
বিশ্বকাপের মঞ্চে ঠিক সেই লেভেলে পৌঁছাতে চান যেখানে কেউ তাকে আটকাতে পারবে না।
স্পেনকে অনেকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে দেখছে, কিন্তু ইয়ামাল মাটিতে পা রেখেই কথা বলতে পছন্দ করেন। তিনি মনে করেন, ফেভারিট তকমার চেয়ে নিজেদের আকর্ষণীয় ফুটবল খেলার ধরনই তাদের শক্তির উৎস। মেসি বা রোনালদোর সাথে তুলনা নিয়ে তিনি বেশ সচেতন; কারো সঙ্গে তুলনায় বিশ্বাস না করে বরং তাদের পাশাপাশি নিজের নাম উচ্চারিত হওয়ার স্বপ্ন দেখেন তিনি।
অবসরের পরও মানুষ যেন তার খেলা মনে রাখে, এমন আলাদা পরিচয় তৈরি করাই তার মূল লক্ষ্য।
বিশ্বকাপে সর্বকনিষ্ঠ স্প্যানিশ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড গড়ার উচ্চাকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন এই তারকা। টুর্নামেন্টের শেষ বাঁশি বাজার পর চ্যাম্পিয়ন ট্রফি হাতে কোটি ভক্তের সামনে উদযাপনের মুহূর্তটিই হবে তার জীবনের সেরা প্রাপ্তি। সেই লক্ষ্যের দিকেই এখন ধাবমান এই তরুণ ফুটবল সেনসেশন।
