বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইনজুরি কাটিয়ে ফিরছেন ইয়ামাল: স্পেনের শিবিরে স্বস্তি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : জুন ৪, ২০২৬, ০৫:৪৬ পিএম

ইনজুরি কাটিয়ে ফিরছেন ইয়ামাল: স্পেনের শিবিরে স্বস্তি

বার্সেলোনার তরুণ প্রতিভা লামিন ইয়ামালের হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে স্পেনের ফুটবল ভক্তদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা কাটার ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কোচ নিশ্চিত করেছেন যে, ১৮ বছর বয়সী এই উইঙ্গার টুর্নামেন্টে স্পেনের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠার পথে আছেন।

গত ২২ এপ্রিল লা লিগায় বার্সেলোনার হয়ে গোল করার সময় ইয়ামাল তার বাম হ্যামস্ট্রিংয়ে চোট পান। চোটের গভীরতা নিয়ে তখন থেকেই শঙ্কা ছিল যে তিনি হয়তো এবারের বিশ্বকাপ মিস করতে পারেন। তবে দে লা ফুয়েন্তে আশ্বস্ত করেছেন, আজ ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে খেলানো না হলেও, আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে স্পেনের বিশ্বকাপ অভিযাত্রার প্রথম ম্যাচে তাকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ও ১৫ জুনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। তবে দলের মূল লক্ষ্য হলো তাকে দ্রুত ম্যাচে নামানো। কন্ডিশন বুঝে তাকে হয়তো শেষ দিকে কয়েক মিনিটের জন্য নামানো হতে পারে, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সে পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পায়।

ইরাকের বিরুদ্ধে এই ম্যাচে কেবল ইয়ামালই নন, স্কোয়াডের অন্য দুই তারকা নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনিয়োজকেও বিশ্রামে রাখা হচ্ছে। এছাড়া সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে আসা খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ কমাতে তাদেরও এই ম্যাচে মাঠের বাইরে রাখছেন কোচ। আগামী সোমবার মেক্সিকোর মাটিতে পেরুর বিপক্ষে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে, তবে সেই ম্যাচে কোন একাদশ মাঠে নামবে তা এখনো নিশ্চিত করেননি স্প্যানিশ বস।

এবারের বিশ্বকাপে গ্রুপ এইচ-এ পড়েছে স্পেন। ১৫ জুন কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এরপর ২১ জুন সৌদি আরব এবং ২৬ জুন উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে দলটি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম শিরোপা জয়ের পর থেকে বিগত তিনটি বিশ্বকাপে স্পেন রাউন্ড অব সিক্সটিন বা শেষ ১৬-এর গণ্ডি পার হতে পারেনি। দীর্ঘ ১৬ বছরের এই ব্যর্থতার খরা কাটাতে এবার লামিন ইয়ামালের ওপর অনেক প্রত্যাশা দেশটির। ইয়ামালের মতো বিস্ময় বালকের ওপর ভর করে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা হতে পারে কি না, তা দেখার জন্য এখন পুরো ফুটবল বিশ্বের দৃষ্টি আটলান্টার দিকে।

banner
Link copied!