বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ডব্লিউটিএ জরিমানার তোয়াক্কা না করে এশিয়ান গেমসে খেলবেন ডালা

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:১৮ পিএম

ডব্লিউটিএ জরিমানার তোয়াক্কা না করে এশিয়ান গেমসে খেলবেন ডালা

মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) পক্ষ থেকে জরিমানার হুমকি এবং বাধ্যতামূলক চায়না ওপেনে অংশগ্রহণের শর্ত থাকা সত্ত্বেও আসন্ন এশিয়ান গেমসে ফিলিপাইনের হয়ে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারকা টেনিস খেলোয়াড় আলেকজান্দ্রা ডালা। ফিলিপাইন টেনিস অ্যাসোসিয়েশনের (পিএইচআইএলটিএ) পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন করা হলেও এই তরুণ প্রতিভাবান খেলোয়াড় দেশের জার্সি গায়ে মাঠে নামার বিষয়ে সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ।

পিএইচআইএলটিএ মহাসচিব জন রে তিয়াংকো সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তারা নিয়মতান্ত্রিক উপায়ে অব্যগতির জন্য আবেদন করেছেন এবং প্রক্রিয়ার প্রতি সম্মান জানান, তবে ডালা নিজের দেশের হয়ে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১৮তম স্থানে থাকা ডালা বর্তমানে সার্কিটের অন্যতম জনপ্রিয় নাম, যিনি এর আগে ইগা শভিয়নতেক ও কোকো গফের মতো তারকাদের পরাজিত করে আলোচনায় এসেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত চলা আইচি-নাগোয়া এশিয়ান গেমসের নারী এককের ড্রয়ে তিনিই সর্বোচ্চ র‌্যাংকধারী খেলোয়াড়। তবে সমস্যা হলো, এই গেমসের সময়সূচির সঙ্গে ৩০ সেপ্টেম্বর থেকে বেইজিংয়ে শুরু হতে যাওয়া বাধ্যতামূলক ডব্লিউটিএ ১০০০ চায়না ওপেনের সময় মিলে যাচ্ছে।

আনুষ্ঠানিক অব্যাহতি ছাড়া এই ধরনের বাধ্যতামূলক টুর্নামেন্ট এড়িয়ে চললে খেলোয়াড়দের র‌্যাঙ্কিং পেনাল্টি এবং মোটা অঙ্কের আর্থিক জরিমানার মুখোমুখি হতে হয়।

এর আগে একই কারণে ইন্দোনেশিয়ার জ্যানিস তিয়েন এশিয়ান গেমস থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তা সত্ত্বেও আলেকজান্দ্রা ডালা সব ঝুঁকি মাথায় রেখে নাগোয়ায় লড়বেন বলে নিশ্চিত করেছেন ফিলিপাইন অলিম্পিক কমিটির সভাপতি আব্রাহাম টোলেন্টিয়ো। তিনি স্পষ্ট ভাষায় জানান যে নিয়ম ভাঙলে ডব্লিউটিএ শাস্তি দেবে, কিন্তু দেশের পতাকা ও দেশের টানে ডালা সেখানে ঠিকই উপস্থিত থাকবেন।

ডালার এই দেশপ্রেমিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারাও।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেনেটর এরউইন টুলফোসহ বেশ কয়েকজন আইনপ্রণেতা ডব্লিউটিএ কর্তৃক ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হলে তা পরিশোধে সরকারকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মন্তব্য করেছেন যে দেশের সেরা ক্রীড়াবিদদের একজন যখন জাতীয় মর্যাদার জন্য খেলেন, তখন এই ধরনের আর্থিক মূল্য পরিশোধ করা সম্পূর্ণ যৌক্তিক।

গত মাসে নিজের প্রথম ডব্লিউটিএ ১০০০ শিরোপা জয় এবং ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছানোর মাধ্যমে দারুণ এক সফল মৌসুম পার করছেন ২১ বছর বয়সী এই তারকা। এশিয়ান গেমসের আগে তিনি সিঙ্গাপুর ওপেনে অংশ নেবেন। এর আগে ২০২২ সালে চীনের হাংজু এশিয়ান গেমসে তিনি নারী একক ও মিশ্র দ্বৈতে দুটি ব্রোঞ্জপদক অর্জন করেছিলেন। উল্লেখ্য, এশিয়ান গেমসে টেনিসে স্বর্ণপদক জয় সরাসরি লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের স্বয়ংক্রিয় কোয়ালিফিকেশন নিশ্চিত করে।

banner
Link copied!