সৌর প্যানেলের বিকল্প হিসেবে দৃশ্যমান নান্দনিকতা ধরে রাখতে পারে এমন সোলার রুফ বা সৌর টালি এখনো বৈশ্বিক বাজারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারেনি। প্রচলিত কাঠামোর তুলনায় অতিরিক্ত স্থাপন ব্যয়, জটিল প্রকৌশল নকশা এবং উৎপাদন সীমাবদ্ধতাই এই প্রযুক্তিকে সর্বজনীন হতে বাধা দিচ্ছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে প্রচলিত সৌর প্যানেলের বহিরাবরণ অনেকেই পছন্দ করেন না, বিশেষ করে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ভবনে যেখানে বাহ্যিক পরিবর্তন নিষিদ্ধ, সেখানে সৌর টালি একমাত্র ভরসা।
বাজারের গতিপ্রকৃতি এখনো পুরোপুরি অনুকূল হয়ে ওঠেনি।
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলা নিজেদের ওয়েবসাইট থেকে সৌর টালি বিক্রি বন্ধ করে দেওয়ায় এই শিল্পে বড় ধাক্কা লেগেছে। বিক্রয় সংকট ও হঠাৎ দাম বাড়ানোর জেরে মামলার পর এমন পদক্ষেপ নেওয়া হয়। এর বিপরীতে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ফ্রিসান্স জানিয়েছে, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে তাদের ব্যবসা ২০ থেকে ৩০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। তবে প্রতিটি ছাদের স্বতন্ত্র গঠনের কারণে প্রকৌশল নকশা আলাদা করতে হওয়ায় উৎপাদন ও স্থাপন খরচ বেশি পড়ছে।
প্রচলিত প্যানেলের তুলনায় সৌর ছাদের নির্মাণ ব্যয় প্রায় দ্বিগুণ।
সাধারণ সৌর প্যানেল ছাদের ওপর আলাদা ফ্রেমে বসানো হলেও সৌর টালির ক্ষেত্রে ছাদমিস্ত্রি, টেকনিশিয়ান ও ইলেকট্রিশিয়ানদের যৌথ সমন্বয় প্রয়োজন হয়। ফলে সাধারণ কাজের চেয়ে সময় ও প্রাতিষ্ঠানিক অনুমোদনের প্রক্রিয়া দীর্ঘ হয়। তাছাড়া মেরামতের সময় টালির ওপর দিয়ে হাঁটাচলা করলে ভেতরে সূক্ষ্ম ফাটল তৈরির ঝুঁকি থাকে, যা ভবিষ্যতে কার্যকারিতা নষ্ট করে। সৌর টালির আকার ছোট হওয়ায় এবং ছাদের ঠিক কাছাকাছি লেগে থাকায় বাতাস চলাচল কম হয়, যার ফলে অতিরিক্ত তাপে বিদ্যুৎ রূপান্তরের সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
বিশেষজ্ঞরা অবশ্য প্রচলিত প্যানেলের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার বদলে একে ছাদের অব্যবহৃত জায়গা কাজে লাগানোর মাধ্যম হিসেবে দেখার পরামর্শ দিচ্ছেন। জার্মান গবেষক ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, আধুনিক ম্যাট্রিক্স শিংগলিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধাতব তারের পরিবর্তে পরিবাহী আঠার সংযোগ দিয়ে সৌর কোষগুলো সাজানো হচ্ছে। এর ফলে কোনো অংশে ছায়া বা ময়লা পড়লেও সামগ্রিক বিদ্যুৎপ্রবাহ পুরোপুরি বন্ধ হয় না। নকশা প্রণয়নে স্বয়ংক্রিয় সফটওয়্যার যুক্ত হলে খরচ কমে ভবিষ্যতে এই প্রযুক্তি নির্মাণশিল্পে সার্বজনীন গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
