লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এক ভিডিও বার্তায় তিনি এই নির্দেশ দেন এবং হিজবুল্লাহকে একটি চরম ও নিষ্পত্তিমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর পরপরই ইসরায়েলি বাহিনী লেবাননের বেকেয়া উপত্যকাসহ দেশের বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করেছে।ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর ছয় শতাধিক যোদ্ধাকে এ পর্যন্ত নির্মূল করেছে।
বর্তমান পরিস্থিতিতে গত মাসে করা ৪৫ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। দুই পক্ষের মধ্যে প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, বেকেয়া উপত্যকায় হিজবুল্লাহর অবকাঠামো এবং অন্যান্য কমান্ড সেন্টার লক্ষ্য করে তাদের নতুন এই অভিযান পরিচালিত হচ্ছে।
অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারাও পাল্টা জবাব দিতে বাধ্য হচ্ছে। তাদের দাবি, সোমবার তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট ব্যবহার করে বেশ কয়েকটি সামরিক ব্যারাক ও পোস্টে হামলা চালিয়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও, উভয় পক্ষই এখন নতুন করে সংঘাতের এক উত্তপ্ত পর্যায়ে প্রবেশ করেছে।পরবর্তী আলোচনা ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের অতি-ডানপন্থী মন্ত্রীরা বৈরুতসহ লেবাননের আরও গভীরে সামরিক অভিযানের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দুই দেশের মধ্যকার এই চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা পুরো অঞ্চলকে নতুন করে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।
