বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুইজারল্যান্ডের ট্রেন স্টেশনে ছুরিকাঘাত, আহত ৩

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৮, ২০২৬, ০৫:৪১ পিএম

সুইজারল্যান্ডের ট্রেন স্টেশনে ছুরিকাঘাত, আহত ৩

সুইজারল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর উইন্টারথুরের একটি প্রধান ট্রেন স্টেশনে বৃহস্পতিবার সকালে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে আঞ্চলিক পুলিশ নিশ্চিত করেছে। ঘটনার পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয়।আহতরা সবাই চিকিৎসাধীন।

জুরিখ আঞ্চলিক পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার কিছু পরে উইন্টারথুর রেলওয়ে স্টেশনের আন্ডারপাসে এই হামলার ঘটনা ঘটে। সেখানে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে পথচারীদের ওপর চড়াও হয়। হামলায় আহত তিন ব্যক্তিই সুইস নাগরিক, যাদের বয়স যথাক্রমে ২৮, ৪৩ এবং ৫২ বছর। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গ্রেফতার হওয়া সন্দেহভাজন হামলাকারী একজন ৩১ বছর বয়সী সুইস নাগরিক। হামলার প্রকৃত কারণ বা উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয় এবং বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে বলে পুলিশ প্রশাসন জানিয়েছে। ঘটনার সময় ওই এলাকা দিয়ে একদল স্কুলশিক্ষার্থী যাচ্ছিল এবং স্থানীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, শিক্ষার্থীদের রক্ষা করতে তাদের শিক্ষক ঢাল হিসেবে সামনে দাঁড়িয়ে যান। প্রত্যক্ষদর্শী এক ট্যাক্সি চালক জানিয়েছেন, স্টেশনের আন্ডারপাসে ওই ব্যক্তি আচমকা এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সুইজারল্যান্ডের ষষ্ঠ বৃহত্তম শহর উইন্টারথুরের এই ঘটনার পর স্টেশন চত্বরের তিনটি এলাকা পুলিশ হলুদ টেপ দিয়ে ঘিরে রেখেছে এবং ফরেনসিক কর্মকর্তারা আলামত সংগ্রহের কাজ করছেন।

banner
Link copied!