বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

রাশিয়া প্রথমবারের মতো ভারত থেকে পেট্রল আমদানি শুরু করেছে

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : জুলাই ২, ২০২৬, ১০:১৩ পিএম

রাশিয়া প্রথমবারের মতো ভারত থেকে পেট্রল আমদানি শুরু করেছে

বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও অভ্যন্তরীণ বাজারে জ্বালানির তীব্র ঘাটতি দেখা দেওয়ায় ভারত থেকে সমুদ্রপথে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া। রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সৃষ্ট সংকট মোকাবিলায় মস্কো এই নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

চলতি বছরের শুরু থেকে রাশিয়ার প্রধান প্রধান তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে ২০টিরও বেশি হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই হামলায় রাশিয়ার ১০টি বৃহত্তম শোধনাগারের মধ্যে অন্তত ৮টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এর ফলে দেশটির পেট্রল উৎপাদন প্রায় ১৭ শতাংশ কমে দৈনিক ৮ লাখ ৫০ হাজার ব্যারেলে নেমে এসেছে।

ইতোমধ্যেই রাশিয়ার ১১টি সময় অঞ্চলের বিভিন্ন এলাকায় জ্বালানির চরম সংকট তৈরি হয়েছে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, অনেক জায়গায় জ্বালানি রেশনিং করা হচ্ছে এবং পেট্রলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। রাশিয়াতে সাধারণত গ্রীষ্মকালে পেট্রলের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এই সময়ে প্রতিদিন অন্তত ১ লাখ ১০ হাজার টন পেট্রলের প্রয়োজন হয়, যা বর্তমান পরিস্থিতিতে উৎপাদন করা সম্ভব হচ্ছে না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাশিয়ার পার্লামেন্ট সম্প্রতি তাদের কর আইনে সংশোধন এনেছে। বিদেশ থেকে পেট্রল আমদানির খরচ কমাতে সরকার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত ভারত থেকে জ্বালানি পরিবহনের খরচের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে। ক্রেমলিন জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারে গ্রহণযোগ্য দামে জ্বালানি নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে আমদানির বিষয়ে আলোচনা চলছে। প্রয়োজন অনুযায়ী বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগও অব্যাহত রয়েছে।

শিল্প খাতের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সংকট কাটাতে ভারত থেকে ইতোমধ্যে অন্তত ৬০ হাজার মেট্রিক টন পেট্রল রাশিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ৩০ থেকে ৪০ হাজার টন ধারণক্ষমতার দুটি পৃথক ট্যাংকার সমুদ্রপথে রাশিয়ার দিকে রওনা দিয়েছে। তবে ভারতের কোন শোধনাগার এই জ্বালানি সরবরাহ করছে তা গোপন রাখা হয়েছে।

অন্য একটি সূত্র বলছে, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল করতে রাশিয়া বিভিন্ন দেশ থেকে প্রতি মাসে প্রায় ৪ লাখ টন পেট্রল আমদানির পরিকল্পনা করেছে। এই তালিকায় ভারতের পাশাপাশি বেলারুশও রয়েছে, যারা ইতিমধ্যে রেলপথে রাশিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি সরবরাহ করছে। তবে রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় ও ভারতের তেল মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রাশিয়া নিজেই বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও ভারত থেকে তেল আমদানির এই ঘটনাটিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে একটি বড় ধরনের মোড় বা বৈপরীত্য হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া দীর্ঘদিন ধরে ভারতকে সস্তায় অপরিশোধিত তেল সরবরাহ করে আসছে। গত জুন মাসেও ভারত প্রতিদিন রেকর্ড প্রায় ২৭ লাখ ব্যারেল রুশ অপরিশোধিত তেল আমদানি করেছে। এখন সেই রুশ তেল শোধন করে ভারতকেই রাশিয়ার কাছে পরিশোধিত পেট্রল রফতানি করতে হচ্ছে।

banner
Link copied!