ইন্দোনেশিয়ায় দীর্ঘদিন ধরে চলা দাবানলের কারণে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া দক্ষিণ এশিয়ার বিভিন্ন অংশ ঢেকে ফেলেছে। এই পরিস্থিতির কারণে আঞ্চলিক জোটটির জলবায়ু ও দাবানল পর্যবেক্ষণ সংস্থা শুক্রবার তাদের সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে।
সিঙ্গাপুরের আসিয়ান বিশেষায়িত আবহাওয়া কেন্দ্র তাদের ওয়েবসাইটে দক্ষিণ আসিয়ান অঞ্চলের জন্য লেভেল থ্রি বা তৃতীয় স্তরের সতর্কতা জারির ঘোষণা দিয়েছে। সাংবাদিকরা শনিবার এই আপডেটটি দেখতে পান।
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের কাছে অবস্থিত এই কেন্দ্রটি শূন্য থেকে তিন পর্যন্ত চার ধাপে সতর্কতা ব্যবস্থা পরিচালনা করে থাকে। এই অঞ্চলে গুরুতর সীমানা অতিক্রমী ধোঁয়ার উচ্চ ঝুঁকি তৈরি হলেই কেবল সংস্থাটি সর্বোচ্চ স্তর সক্রিয় করে।
এই সীমায় পৌঁছানোর জন্য প্রয়োজনীয় কঠোর মানদণ্ডগুলোর রূপরেখা দিয়েছে কেন্দ্রটি। এর মধ্যে রয়েছে টানা দুই বা ততোধিক দিন ধরে মাঝারি থেকে ঘন ধোঁয়ার বিস্তারসহ উল্লেখযোগ্য ও অব্যাহত হটস্পট কার্যক্রম, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া এবং পার্শ্ববর্তী আসিয়ান দেশগুলোর দিকে ধোঁয়া বয়ে নিয়ে যাওয়া বাতাসের প্রবাহ।
চলতি বছরে এই সংস্থকর্তৃক সতর্কতা জারির ঘটনা এটি তৃতীয়। এর আগে গত ২৬ আগস্ট ও ২৭ মার্চ একই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
মাসের পর মাস ধরে চলা এই ধোঁয়া দক্ষিণ এশিয়ার একটি বড় অংশের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। তীব্র ধোঁয়ার কারণে স্কুলগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ এবং দেখা দিয়েছে শ্বাসকষ্টজনিত রোগের মারাত্মক প্রাদুর্ভাব।
সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তারা এই সংকট নিরসনে শুক্রবার সরাসরি পদক্ষেপ নিয়েছেন। দাবানলের জন্য দায়ী বলে চিহ্নিত ইন্দোনেশিয়ার সাতটি কোম্পানিকে সতর্কবার্তা পাঠানোর ঘোষণা দিয়েছে এই নগর-রাষ্ট্র।
একই সঙ্গে শুষ্ক আবহাওয়া ও বাতাসের গতিপ্রকৃতি অপরিবর্তিত থাকায় সতর্ক থাকতে বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
