জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটায় এই জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।সকাল থেকেই বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নামে।
প্রথম জামাতে ইমামতি করেছেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেছেন মসজিদের মুয়াজ্জিন কারী ইসহাক। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব মুসলমান নির্যাতিত অবস্থায় রয়েছেন, তাদের জন্য দোয়া করা হয়েছে।
এবার জাতীয় মসজিদে পাঁচটি জামাতের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় সকাল ৯টায়, চতুর্থ ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রতিটি জামাতের জন্য নির্দিষ্ট ইমাম ও বিকল্প ইমাম নির্ধারণ করা হয়েছে।
