রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোটের ২০ দিন পর ফেসবুক লাইভে মমতা, তুললেন কারচুপির অভিযোগ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৪, ২০২৬, ০৬:৫০ পিএম

ভোটের ২০ দিন পর ফেসবুক লাইভে মমতা, তুললেন কারচুপির অভিযোগ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ২০ দিন পর প্রথমবার জনসমক্ষে এলেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ফেসবুক লাইভে এসে তিনি নির্বাচন কমিশন, বিজেপি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথমবার তিনি কোনো রাজনৈতিক বিষয়ে বিস্তারিত কথা বললেন।নির্বাচনী ফলাফলকে তিনি ‘প্রহসন’ বলে অভিহিত করেছেন।

ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কারচুপি না হলে তৃণমূল কংগ্রেস ২২০ থেকে ২৩০টি আসন পেত। তার ভাষ্যমতে, অন্তত ১৫০টি আসনে ফলাফল উল্টে দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ডেটা হ্যাকিংয়ের গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, তাকে ও তার এজেন্টদের অনেক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি সরাসরি এই ফলাফলকে জনগণের রায় হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান এবং প্রশাসনিক কারচুপির আশঙ্কা প্রকাশ করেন।

কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে এবং নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। তার দাবি, হাজার হাজার তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং হকারদের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, এখন থেকে সংবাদমাধ্যমের বদলে সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমেই তিনি দলীয় অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধী শিবির। বিজেপি নেতৃত্বাধীন বিরোধীদের দাবি, জনগণ পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছে এবং মমতার এই অভিযোগ আসলে পরাজয় ঢাকার একটি ব্যর্থ চেষ্টা মাত্র।

banner
Link copied!