শনিবার, ০৬ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে সম্প্রচারের বিস্তারিত ঘোষণা

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : জুন ৬, ২০২৬, ১০:৩৬ পিএম

২০২৬ বিশ্বকাপ: বাংলাদেশে সম্প্রচারের বিস্তারিত ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মনে কয়েক মাস ধরে চলা শঙ্কার মেঘ কেটে গেছে। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে চূড়ান্ত হয়েছে যে, এবারের বিশ্বকাপ আসর বাংলাদেশের দর্শকরা টেলিভিশন এবং ডিজিটাল—উভয় মাধ্যমেই সরাসরি উপভোগ করতে পারবেন। বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে সৃষ্টি হওয়া জটিলতা কাটিয়ে তিন টিভি চ্যানেল এবং দুটি ওটিটি প্ল্যাটফর্মের সমন্বয়ে সব ম্যাচ প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এবং দুটি জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস ও সময় টিভির একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড শুরুতে স্বত্ব কিনলেও তারা স্থানীয়ভাবে সেটি বিক্রি করতে ব্যর্থ হয়ে চুক্তি থেকে সরে দাঁড়ায়। এর ফলে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহের কম সময় আগে বাংলাদেশ এক ধরণের সংকটে পড়েছিল। পরবর্তী সময়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সরাসরি হস্তক্ষেপে এই জটিলতা নিরসন হয়েছে।

টেলিভিশনের পাশাপাশি দর্শকদের হাতে থাকা মোবাইল ফোন কিংবা ডিজিটাল ডিভাইসে ম্যাচ দেখার সুযোগ থাকছে। টি স্পোর্টস, সময় টিভি এবং বিটিভির পাশাপাশি দেশের জনপ্রিয় দুটি ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করা যাবে। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপে সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। ফলে কর্মব্যস্ততার মাঝেও ফুটবলপ্রেমীরা যেকোনো প্রান্ত থেকে নিজেদের পছন্দের দলের খেলা দেখার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি চ্যানেল বিটিভি এবার কোনো আর্থিক ব্যয় ছাড়াই এই সম্প্রচার সুবিধা প্রদান করবে, মূলত স্যাটেলাইট চ্যানেল ও টেলিকম অপারেটররা যৌথভাবে খরচের ভার বহন করছে।

ফুটবল বিশ্বের এই ২৩তম আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে এই মহাযজ্ঞের পর্দা উঠবে। এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে। ৩৯ দিনব্যাপী এই বিশাল টুর্নামেন্টে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১১টি ভেন্যু যুক্তরাষ্ট্রে, তিনটি মেক্সিকোতে এবং দুটি কানাডায় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই উৎসব।

banner
Link copied!