ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কোচ টমাস টুখেল এবং তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ফর্মে থাকা ২২ বছর বয়সী এই তারকাকে ঘিরে কোচ টুখেল এমন এক মন্তব্য করেছেন যা থ্রি-লায়ন্স সমর্থকদের অবাক করেছে। টুখেল স্পষ্ট করে জানিয়েছেন যে, নামী তারকা হলেও বিশ্বকাপ একাদশে বেলিংহামের জায়গা সরাসরি নিশ্চিত নয়। তাকে মূল একাদশে জায়গা করে নেওয়ার জন্য অ্যাস্টন ভিলার উদীয়মান তারকা মরগান রজার্সের সাথে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।
বাছাইপর্বের পরিসংখ্যান অনুযায়ী, ইনজুরি ও ফিটনেস সংক্রান্ত জটিলতায় বেলিংহাম বেশ কিছু ম্যাচে অনুপস্থিত ছিলেন। এই সুযোগে টুখেলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন অ্যাস্টন ভিলার মরগান রজার্স। বাছাইপর্বের আটটি ম্যাচেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এখন প্রশ্ন উঠেছে, নাম্বার ১০ পজিশনে কে খেলবেন। সংবাদ সম্মেলনে টুখেলের সরাসরি উত্তর, স্কোয়াডে এমন অনেক খেলোয়াড় আছেন যারা শুরুর একাদশে থাকার যোগ্যতা রাখেন। জুড অবশ্যই তাদের মধ্যে অন্যতম, তবে দলে কারো জায়গা চিরস্থায়ী নয়।
বর্তমানে ফ্লোরিডার তীব্র গরম ও আর্দ্রতার মধ্যে বিশ্বকাপ প্রস্তুতি সারছে ইংল্যান্ড দল। টাম্পায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হ্যারি কেনের একমাত্র গোলে জয়ের পর টুখেল বেলিংহামের শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর বেলিংহাম এখন মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। অনুশীলনে তার পারফরম্যান্সে কোচ মুগ্ধ।
দলের নেতৃত্বের কাঠামো নিয়েও নিজের পরিকল্পনা পরিষ্কার করেছেন টুখেল। হ্যারি কেনের নেতৃত্বে পূর্ণ আস্থা থাকলেও সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ডেকলান রাইস। তবে বেলিংহামের মতো তারকারা পরবর্তী ধাপে নেতৃত্বের গ্রুপে থাকবেন কি না, তা নিয়ে এখনই খোলাসা করেননি কোচ। বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই, আর সেই লড়াইয়ে বেলিংহামকে প্রমাণ করতে হবে কেন তাকে একাদশে রাখা জরুরি।
